জর্ডানে ত্রিদেশীয় টুর্নামেন্টে দারুণ খেলেছে বাংলাদেশ। ইন্দোনেশিয়ার সঙ্গে গোলশূন্য সমতার পর জর্ডানের বিপক্ষে ২-২ গোলে ড্র করে লাল-সবুজের বাঘিনীরা। তাতে র্যাঙ্কিংয়ে উন্নতি করেছে পিটার বাটলারের দল।
বৃহস্পতিবার র্যাঙ্কিংয়ের সবশেষ হালনাগাদ প্রকাশ করেছে ফিফা। এক লাফে পাঁচধাপ এগিয়েছেন আফঈদা-রুপনারা। ১০৯৯.৩৬ রেটিং পয়েন্ট নিয়ে বাংলাদেশ উঠে এসেছে ১২৮ নম্বরে।
ছয় বছরের মধ্যে বাংলাদেশের সর্বোচ্চ অবস্থান এটি। ২০১৯ সালের মার্চে ১২৭ নম্বরে থাকা লাল-সবুজের দল ২০২২ সালে নেমে যায় সর্বনিম্ন ১৪৭ নম্বরে। দেশের মেয়েদের ফুটবলে এপর্যন্ত সর্বোচ্চ র্যাঙ্কিং ১০০। ২০১৩ ও ২০১৭ সালে দুবার ১০০ নম্বরে উঠেছিল বাংলাদেশ।
বাংলাদেশের সঙ্গে ড্র করে ইন্দোনেশিয়ার মেয়েরা একধাপ পিছিয়ে নেমেছে ৯৫ নম্বরে। জর্ডানও একধাপ পিছিয়ে নেমেছে ৭৫ নম্বরে। র্যাঙ্কিংয়ে শীর্ষস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। দুই ও তিনে অবস্থান ধরে রেখেছে স্পেন ও জার্মানি। চারধাপ এগিয়ে চারে উঠে এসেছে ব্রাজিল। আর্জেন্টিনার মেয়েরা আছে ৩২ নম্বরে।








