অপেক্ষাকৃত কমশক্তির প্রতিপক্ষ মালয়েশিয়ার বিপক্ষে দুইশর কাছাকাছি রান তুলে নকআউট পর্বের জন্য দারুণ প্রস্তুতি সেরেছিল বাংলাদেশ। দাপুটে জয়ে সেমিফাইনালের টিকিট কাটা হয়ে যায় সহজেই। কিন্তু এক ম্যাচ পরই পুরনো চিত্র দেখা গেল ব্যাটিংয়ে। শক্তিশালী ভারতের বিপক্ষে ৪৪ রানে ৬ উইকেট টিম টাইগ্রেস সপ্তম উইকেট জুটির লড়াইয়ে একশর কাছে গিয়ে থেমেছে।
মেয়েদের এশিয়া কাপে ফাইনালে ওঠার লড়াইয়ে শক্তিশালী ভারতের বিপক্ষে টস জিতে আগে ব্যাট করতে নেমে নিগার সুলতানা জ্যোতির দল ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে তুলেছে ৮০ রান।
টাইগ্রেস অধিনায়ক সর্বোচ্চ ৩২ রানের ইনিংস খেলে সংগ্রহ কিছুটা বড় করেন। ৫১ বলের ইনিংসে ছিল ২টি চারের মার।
জ্যোতিকে দারুণ সঙ্গ দেন স্বর্ণা আক্তার। ১৮ বলে ১৯ রানে অপরাজিত থাকেন। মারেন দুই বাউন্ডারি। ৩৬ রানের সপ্তম উইকেট জুটি ভাঙে ইনিংসের শেষ ওভারে। রাধা যাদব ওই ওভারের প্রথম ও তৃতীয় বলে উইকেট নেন। শেষের ওভারে আর স্ট্রাইক পাননি স্বর্ণা। বাংলাদেশ একটি রানও তুলতে পারেনি। মেডেন ওভারসহ দুটি উইকেট নেন এ বাঁহাতি স্পিনার।
বাংলাদেশের দুই ব্যাটার ছাড়া আর কেউ ছুঁতে পারেননি দুই অঙ্ক। তৃতীয় সর্বোচ্চ ৮ রান আসে ওপেনার ইশমা তানজিমের ব্যাট থেকে।
শ্রীলঙ্কার ডাম্বুলায় আসরের প্রথম সেমিফাইনালে বাংলাদেশের ইনিংসে ধস নামান ভারতীয় ডানহাতি পেসার রেনুকা সিং। শুরুর ৩টি উইকেট নেন ২৮ বর্ষী বোলার। ৪ ওভারে দেন মাত্র ১০ রান।
রাধা যাদবও শিকার করেন ৩ উইকেট। একটি করে উইকেট নেন পূজা ভাস্বর ও দিপ্তী শর্মা।








