সৌদি আরব সফর শেষে দেশে ফিরে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যকার চলমান যুদ্ধ পরিস্থিতি প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান জানিয়েছেন, এ ধরনের সংঘাত কোনো দেশের জন্যই মঙ্গলজনক নয়। বাংলাদেশ এ বিষয়ে প্রকাশ্যে কোনো পক্ষ নেবে না।
আজ (২৮ ফেব্রুয়ারি) শনিবার রাতে জেদ্দায় ওআইসি নির্বাহী কমিটির বৈঠক শেষে দেশে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। সেখানে ফিলিস্তিন ইস্যুতে বাংলাদেশের অবস্থান তুলে ধরা হয় বলেও জানান তিনি।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রায় ৪০ বছর পর জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে প্রার্থী হচ্ছে বাংলাদেশ। সৌদি আরব সফরকালে ৮১তম অধিবেশনে সভাপতিত্বের জন্য বাংলাদেশের প্রার্থিতা নিয়ে বিভিন্ন দেশের সঙ্গে আলোচনা হয়েছে। ওআইসিভুক্ত দেশগুলো এ প্রার্থিতায় সমর্থন জানাবে বলে আশ্বাস দিয়েছে।
সফরকালে মালদ্বীপ, পাকিস্তান, তুরস্ক, ফিলিস্তিন ও সৌদি আরবের প্রতিনিধিদের সঙ্গে পৃথক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। বিভিন্ন দেশের প্রতিনিধিরা বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি ও ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন বলেও জানান তিনি।
ফিলিস্তিন প্রশ্নে বাংলাদেশের অবস্থান পুনর্ব্যক্ত করে ড. খলিলুর রহমান বলেন, ১৯৬৭ সালের পূর্ববর্তী সীমানা অনুযায়ী এবং পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে বাংলাদেশ। তিনি উল্লেখ করেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় থেকে এ নীতিগত অবস্থান বজায় রয়েছে এবং এতে কোনো পরিবর্তন হবে না।
সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম বৈদেশিক সফর কোন দেশে হবে তা এখনো চূড়ান্ত হয়নি।








