দক্ষিণ এশিয়া আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্ককে বাংলাদেশ গতিশীল করতে চায় বলে জানিয়েছেন সার্কের মহাসচিব গোলাম সারোয়ার।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে সার্কের মহাসচিব সাংবাদিকদের এ তথ্য জানান।
মহাসচিব বলেন, মূলত সার্কের বর্তমান পরিস্থিতি সম্পর্কে জানানোর জন্যই আজকের এই সাক্ষাৎ।
গোলাম সারওয়ার বলেন, সার্ক বর্তমানে কোথায় দাঁড়িয়ে আছে তা মন্ত্রীকে জানিয়েছি। তিনি সার্ককে কীভাবে গতিশীল করা যায় সেটি জানতে চেয়েছেন। মোট কথা, সার্কের পরিস্থিতি এবং এটি কীভাবে চলছে তার ওপর ভিত্তি করে ওনারা ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে সার্কে কীভাবে অগ্রণী ভূমিকা রাখতে পারেন তা নিয়ে আলোচনা হয়েছে।
এর আগে, সকাল থেকে পররাষ্ট্র মন্ত্রীর সাথে সাক্ষাৎ করতে মন্ত্রণালয়ে একে একে আসেন বাংলাদেশে নিযুক্ত মিশরের রাষ্ট্রদূত ওমর মহিউদ্দিন আহমদ ফাহ্মি, সিঙ্গাপুর হাইকমিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্স মিচেল লি ও জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি।


