বুধবার থেকে ছেলেদের এএফসি এশিয়ান কাপ অনূর্ধ্ব-২৩ চ্যাম্পিয়নশিপের বাছাইপর্ব শুরু হচ্ছে। বাংলাদেশ প্রথম ম্যাচ খেলতে নামবে স্বাগতিক ভিয়েতনামের বিপক্ষে। তার আগে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন প্রধান কোচ সাইফুল বারী টিটু।
ভিয়েতনামের বিপক্ষে বাংলাদেশের খেলা শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়। গ্রুপের অপর ম্যাচে ৬ এবং ৯ সেপ্টেম্বর ইয়েমেন ও সিঙ্গাপুরের বিপক্ষে নামবে বাংলাদেশ।
বাফুফের ভিডিও বার্তায় সাইফুল বারী টিটুর অবস্থা জানিয়েছেন সহকারী কোচ হাসান আল মামুন, ‘টিটু ভাই সবসময় আমাদের দলের জন্য একজন অভিভাবক, প্রধান কোচ হিসেবে কাজ করেন। জানেন, গতরাত থেকে উনি জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে গিয়েছেন। উনি যে অবস্থায় আছেন, ওনার জ্বরটা আসছে, যাচ্ছে। আমি জানি না টিটু ভাই ডাগআউটে থাকতে পারবেন কিনা।’
‘আমি নিশ্চিত না, তবুও কাউকে না কাউকে দলের নেতৃত্ব দিতে হবে। সেক্ষেত্রে আমি তৈরি আছি টিটু ভাইয়ের দায়িত্ব পালন করতে এবং আশা করব ছেলেরা এটাকে একটা চ্যালেঞ্জ হিসেবে নেবে যে, টিটু ভাইকে কিছু দেয়া যায় কিনা। এভাবেই দলের মধ্যে মেলবন্ধন তৈরি করেছি, একের জন্য অন্যরা, সবার জন্য সবাই। টিটু ভাইয়ের অবর্তমানে চেষ্টা করব দলকে নেতৃত্ব দিতে। আমার জন্য দোয়া করবেন, ছেলেদের জন্য দোয়া করবেন এবং টিটু ভাইয়ের জন্য দোয়া করবেন।’
বাফুফে জানিয়েছে আগেই ভিয়েতনামে চলে যাওয়া বাংলাদেশ দলের সাথে যোগ দিয়েছেন ইতালি প্রবাসী ফরোয়ার্ড ফাহমিদুল ইসলাম। যদিও তিনি অনুশীলনে যোগ দেননি। দলের সব খেলোয়াড় সুস্থ আছেন এবং খেলার জন্য ফিট আছেন।








