শক্তিশালী চাইনিজ তাইপের কাছে গত ম্যাচে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। গোটা ম্যাচে লাল-সবুজের দলের কোচ জেমস বাটলারের হাই-লাইনে খেলানোর কৌশল কাজে লাগেনি। রক্ষণের সঙ্গে মধ্যমাঠের খেলোয়াড়দের সমঝোতার অভাব স্পষ্ট ছিল। পাল্টা আক্রমণেও সুবিধা করতে পারেনি। সেসব ভুল শুধরে ঘুরে দাঁড়িয়ে দ্বিতীয় ম্যাচে ইতিবাচক ফুটবল খেলার প্রত্যাশায় সাবিনা খাতুনের দল।
বসুন্ধরা কিংস অ্যারেনায় সোমবার বিকেল ৫টা ৪৫ মিনিটে খেলা মাঠে গড়াবে। মেয়েদের র্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে ১০০ ধাপ এগিয়ে চাইনিজ তাইপে। সফরকারী দলের বর্তমান র্যাঙ্কিং ৪০, আর ১৪০তম স্থানে আছে লাল-সবুজের দল।
আগের খেলায় তিন ডিফেন্ডার, পাঁচ মিডফিল্ডার ও দুই ফরোয়ার্ড নিয়ে স্বাগতিক একাদশ সাজানো হয়েছিল। ম্যাচের শুরুতে তারকা মিডফিল্ডার সানজিদা আক্তারকে নামানো হয়নি। পরিবর্তে প্রথমবার জাতীয় দলে ডাক পাওয়া মুনকি আক্তারের অভিষেক হয়। দ্বিতীয়ার্ধে শাহেদা আক্তার রিপার বদলি হিসেবে নেমে প্রথম আন্তর্জাতিক ম্যাচের স্বাদ পান সুরভী আকন্দ প্রীতি।
অতিথি দলের হয়ে প্রথম ম্যাচে হ্যাটট্রিক করেছেন সু ইউ-হুসান। তাকে নিয়ে বাংলাদেশের ফুটবলারদের বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে। একইসঙ্গে রক্ষণের হাস্যকর ভুলের পুনরাবৃত্তি থেকে বিরত থাকা দরকার।
আগামী অক্টোবরে দেশের মাটিতে সাফ চ্যাম্পিয়নশিপের আগে নিজেদের সামর্থ্য ঝালাইয়ের জন্য চাইনিজ তাইপের মতো বড় দলের সঙ্গে বাংলাদেশের ফুটবলাররা আরেকটি সুযোগ পাচ্ছেন।
বাংলাদেশের সম্ভাব্য শুরুর একাদশ
গোলরক্ষক: রূপনা চাকমা।
ডিফেন্ডার: শিউলি আজিম (সহ-অধিনায়ক), আফিদা খন্দকার, মাসুরা পারভীন।
মিডফিল্ডার: মনিকা চাকমা, মুনকি আক্তার, মাতসুসিমা সুমাইয়া, ঋতুপর্ণা চাকমা, শাহেদা আক্তার রিপা।
ফরোয়ার্ড: তহুরা খাতুন, সাবিনা খাতুন (অধিনায়ক)।








