এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের শেষ ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে বল দখলে আধিপত্য দেখাচ্ছে বাংলাদেশ। শক্তিমত্তায় এগিয়ে থাকা স্বাগতিকদের বেশ পরীক্ষা নিয়েছে সোহেল রানার নেতৃত্বাধীন দল। বারবার সুযোগ তৈরি করলেও জালের দেখা পাননি হামজা চৌধুরী ও সমিত সোমরা। উল্টো গোল হজম করে ১-০তে পিছিয়ে প্রথমার্ধ শেষ করেছে লাল-সবুজের দল।
সিঙ্গাপুর ন্যাশনাল স্টেডিয়ামে ম্যাচের প্রথমার্ধে স্বাগতিকদের হয়ে একমাত্র গোলটি করেন হ্যারিস স্টুয়ার্ট।
ম্যাচের শুরু থেকেই বল দখলে আধিপত্য বজায় রাখে বাংলাদেশ। অল ফুটবলের স্ট্যাটস অনুযায়ী প্রথমার্ধে ৬১ শতাংশ সময় বল হামজাদের দখলে থাকে। বিপরীতে ৩৯ শতাংশ বল নিজেদের পাঁয়ে রাখতে পারে সিঙ্গাপুর। বাংলাদেশ মোট ৪৪ বার আক্রমণ করলেও সিঙ্গাপুর আক্রমণে গেছে ৩৪ বার। তবে গোলমুখে সিঙ্গাপুর দুটি নিলেও বাংলাদেশ নিতে পারেনি।
আক্রমণ-প্রতি আক্রমণে চলতে ম্যাচে ১৯ মিনিটে সিঙ্গাপুর প্রথমবার গোলবারে শট নেয়। তবে দৃঢ়চিত্তে তা রুখে দেন মিতুল মারমা। ৩১ মিনিটে সিঙ্গাপুরকে এগিয়ে নেন হ্যারিস স্টুয়ার্ট। গ্লেন কোয়েহ’র নেয়া শট ঠেকিয়ে দেন মিতুল মারমা। ফিরতি বল পেয়ে হ্যারিসের দিকে বাড়িয়ে দেন ইখসান ফান্দি আহমদ। দারুণ শটে বল জালে পাঠান হ্যারিস।
৩৮ মিনিটে মোরসালিন শট নেন, তবে সিঙ্গাপুর ডিফেন্ডার তা ঠেকিয়ে দেন। ফিরতি বল পেলেও কাজে লাগাতে পারেননি ফাহিম। পরের মিনিটে ডি বক্সের পাশে ফ্রি কিক পায় বাংলাদেশ। হামজা চৌধুরীর নেয়া শট লক্ষ্যে থাকলেও সিঙ্গাপুর রক্ষণভাগ হেডে প্রতিহত করেন।
৪২ মিনিটে চোট পান গ্লেন কোয়েহ। মাঠে প্রাথমিক চিকিৎসা দিলেও লাভ হয়নি। মাঠ ছাড়তে হয় তাকে। ৪৪ মিনিটে তার পরিবর্তে নামেন ইলহান ফান্দি। প্রথমার্ধের যোগ করা সময়ের তৃতীয় মিনিটে জায়ান আহমেদকে ফাউল করে হলুদ কার্ড দেখেন সিঙ্গাপুর অধিনায়ক হারিস হারুন।
হাভিয়ের ক্যাবরেরা শিষ্যরা ম্যাচে ফেরার চেষ্টা করলেও জালের দেখা পায়নি। শেষ অবধি ১-০তে এগিয়ে বিরতিতে যায় সিঙ্গাপুর।








