মেয়েদের টি-টুয়েন্টি বিশ্বকাপে উদ্বোধনী ম্যাচে স্কটিশদের বিপক্ষে শুরুটা ভালো হয়েছে বাংলাদেশের। ওপেনার মুর্শিদা খাতুনের উইকেট হারালেও সাথী রাণী ও সোবহানা মোস্তারির ব্যাটে এগোচ্ছে টিম টাইগ্রেস। যদিও রানের গতি কম।
সংযুক্ত আরব আমিরাতে শারজায় টসে জিতে আগে ব্যাট করছে বাংলাদেশ। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১০ ওভারে ১ উইকেট হারিয়ে ৫৫ রান তুলেছে টিম টাইগ্রেস। সাথী ২৬ বলে ২১ রানে এবং সোবহানা ২০ বলে ২১ রানে ক্রিজে আছেন।
স্কটিশদের বিপক্ষে শুরুটা দারুণ করেছেন ওপেনার সাথী। তবে কিছুটা চাপে থাকতে দেখা যায় আরেক ওপেনার মুর্শিদা খাতুনকে। দুবার ক্যাচ দিয়ে স্কটিশদের কল্যাণে জীবন পান। তৃতীয়বার আর রক্ষা হয়নি। ফিরে গেছেন ১৪ বলে ১২ রান করে।
তৃতীয় ওভারে র্যাখেল স্লাটেরের বলে ক্যাচ দেন বাংলাদেশ ওপেনার। স্কটিশ ফিল্ডার সারাহ ক্যাচ নিতে ব্যর্থ হন। পরের ওভারে ওলিভিয়া বেলের ডেলিভারিতে ফের ক্যাচ দেন। শর্ট মিড উইকেটে স্লাটের ক্যাচ ছেড়ে দেন।
পঞ্চম ওভারে ক্যাথন ব্রেস এসে প্রথম আঘাত হানেন। মিডঅনে ক্যাচ দিয়ে বসেন মুর্শিদা। এবার আর ভুল করেনি স্কটল্যান্ড। ২৬ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ। এরপর থেকে দলের স্কোর এগিয়ে নিচ্ছেন সাথী ও সোবহানা।








