অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে প্রথম দুই ম্যাচ জয়ের পর গ্রুপপর্বে শেষ ম্যাচে বাংলাদেশের যুবারা হারে শ্রীলঙ্কার বিপক্ষে। তাতে ‘বি’ গ্রুপে রানার্সআপ হয়ে জুনিয়র টাইগাররা ওঠে সেমিফাইনালে। সেখানে পাকিস্তানের বিপক্ষে জয়ের জন্য বাংলাদেশের দরকার ১১৭ রান।
দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার টসে জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক আজিজুল হাকিম তামিম। ব্যাটে নেমে পুরো ৫০ ওভার টিকে থাকতে পারেনি পাকিস্তান। ৩৭ ওভারে সব উইকেট হারিয়ে ১১৬ রানের সংগ্রহ দাঁড় করিয়েছে তারা।
প্রথম তিন ওভারে দুই উইকেট হারিয়ে ভীষণ চাপে পড়ে পাকিস্তান। রানের খাতা খোলার আগে দুই ওপেনার উসমান খান ও শাহজেব খানের উইকেট তুলে নেন পেসার মারুফ মৃধা। ৭ রানে দুই উইকেট হারিয়ে ধীরগতিতে রান তোলার চেষ্টা করেন পরের দুই ব্যাটার মুহাম্মদ রিয়াজুল্লাহ ও অধিনায়ক সাদ বেগ।
তাতেও খুব বেশি সফলতা আসেনি পাকিস্তানের। ১৮ রানে সাদ ও ২৮ রান করা রিয়াজুল্লাহকে ফেরান ইকবাল হোসেন ইমন। ৫৩ রানে ৪ উইকেট হারালে রান তোলার গতি আরও কমে পাকিস্তানের। চাপের মধ্যে রান নিতে গিয়ে ২ রান করা নাভিদ আহমেদ খানকে রানআউট করে সাজঘরের পথ দেখান কালাম সিদ্দিকী।
২৭.৫ ওভারে ৭৯ রানে হারুন আরশাদ ফিরে গেলে পাকিস্তানের জন্য পুরো ৫০ ওভার টিকে থাকাই কঠিন হয়ে দাঁড়ায়। হারুনের ব্যাট থেকে আসে ৩০ বলে ১০ রান। একের পর এক উইকেট হারাতে থাকা পাকিস্তানের হাল ধরেন ফারহান ইউসুফ-ফাহাম উল হক। জুটিতে আসে ৩৪ রান। ১১৩ রানে উইসুফ আউট হলে বাংলাদেশের বোলারদের সামনে আর টিকে থাকতে পারেননি কেউই। ইউসুফের ব্যাট থেকে আসে ৩২ রান।
বাংলাদেশের হয়ে ৭ ওভার বল করে ২৪ রান খরচায় ৪ উইকেট নিয়েছেন ইমন। মারুফ নেন ২ উইকেট।








