রাওয়ালপিন্ডি টেস্টের দ্বিতীয় দিনে চা-বিরতির আগে একটি উইকেট তুলতে পেরেছিল বাংলাদেশ। সেঞ্চুরি করা সৌদ শাকিলকে ফেরান মেহেদী হাসান মিরাজ। বিরতির পর টাইগারদের দিনের দ্বিতীয় শিকার এনে দিয়েছেন সাকিব আল হাসান। ফিরিয়েছেন আগা সালমানকে। মোহাম্মদ রিজওয়ানের দেড়শতাধিক রানে ৪৪৮ করে ইনিংস ঘোষণা করেছে পাকিস্তান।
১০৭তম ওভারে সাকিবের ঝুলিয়ে দেয়া ডেলিভারিতে বড় শট খেলতে চেয়েছিলেন আগা সালমান। ব্যাটের কানায় লেগে বল চলে যায় ব্যাকওয়ার্ড পয়েন্টের দিকে। সেখানে ভুল করেননি মিরাজ। ৩৬ বলে ১৯ রান করে ফিরে যান সালমান। সিরিজের প্রথম টেস্টে সাকিবের প্রথম উইকেট এটি।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১১৩ ওভারে ৬ উইকেটে ৪৪৮ রান তুলে ইনিংস ছেড়েছে পাকিস্তান। মোহাম্মদ রিজওয়ান ১৭১ রানে এবং শাহিন শাহ আফ্রিদি ২৯ রানে অপরাজিত থাকেন।
বৃষ্টিবিঘ্নিত প্রথমদিনে বিপর্যয়ের মধ্যে সাইম আইয়ুবের সঙ্গে হাল ধরেছিলেন শাকিল। বিপর্যয় কাটিয়ে ওঠার পর বিদায় নেন এ ওপেনার। পরে শাকিলের সাথে কাঁধ মেলান রিজওয়ান।
ছয়ে ব্যাটে নেমে শাকিলকে দারুণ সঙ্গ দেন রিজওয়ান। প্রথমদিন ২৪ রানে অপরাজিত ছিলেন, দ্বিতীয় দিনে দ্রুত রান তুলতে থাকেন। ব্যক্তিগত রানে একসময় শাকিল এগিয়ে থাকলেও মেরে খেলতে থাকা রিজওয়ান দ্রুত টপকে যান তাকে। তুলে নেন সেঞ্চুরি, খেলেন ১৪২ বল। রিজওয়ানের সেঞ্চুরিতে ৮ চার এবং ২ ছক্কার মার রয়েছে। তার ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি।
প্রথমদিন ফিফটি করা শাকিল এদিনও ধীরেসুস্থে খেলতে থাকেন। রান তোলায় রিজওয়ানের তাড়া থাকলেও নিজের মতো এগোতে থাকেন তিনি। প্রায় দুইশত বল, ১৯৫ বল খেলে রিজওয়ানের পর সেঞ্চুরির দেখা পান শাকিল। সেঞ্চুরির পথে ৪ মারেন পাঁচটি। তার ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি।
দ্বিতীয় দিনেও দারুণ করেছেন রিজওয়ান-শাকিল। পঞ্চম উইকেট জুটিতে ২৪০ রান তুলে বাংলাদেশকে বেশ বিপাকেই ফেলেছিলেন। চা-বিরতির আগে শাকিলকে ফিরিয়ে স্বস্তি এনে দেন মিরাজ।
৯৫ ওভারের শেষ বলে মিরাজের শর্টলেন্থ ডেলিভারি পিচ থেকে বেরিয়ে খেলতে চেয়েছিলেন শাকিল। আউটসাইড অফ দিয়ে বল বেরিয়ে যায় উইকেটরক্ষক লিটন দাসের হাতে। উইকেট ভেঙে দেন লিটন। টিভি আম্পায়ারের কাছে সিদ্ধান্তের নির্দেশ যায়। দ্বিতীয় দিনে প্রথম উইকেটের দেখা পায় টিম টাইগার্স। ৯ চারে ২৬১ বলে ১৪১ রান করে যান শাকিল।







