রাওয়ালপিন্ডি টেস্টের তৃতীয় দিনের শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। দিনের পঞ্চম ও ইনিংসের ১৭তম ওভারে সাজঘরে ফিরেছেন আগের দিনের অপরাজিত জাকির হাসান। ৩১ রানে প্রথম উইকেট হারায় লাল-সবুজের দল।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২২ ওভারে ১ উইকেটে বাংলাদেশের সংগ্রহ ৩৭ রান। ৫৬ বলে ১৭ রান করেছেন সাদমান ইসলাম এবং ২০ বলে ৩ রানে ক্রিজে আছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
দিনের শুরুতে নামের পাশে ১ রান যোগ করে আউট হন জাকির। নাসিম শাহর অফ স্টাম্পের বাইরের বলে ব্যাট চালিয়েছিলেন। বাঁ-দিকে ঝাঁপিয়ে ক্যাচ নেন রিজওয়ান। ৫৮ বলে ১২ রান করে থেমেছেন জাকির।
টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ দুই ম্যাচ সিরিজের প্রথমটিতে বুধবার টসে জিতে পাকিস্তানকে ব্যাটের আমন্ত্রণ জানান বাংলাদেশ অধিনায়ক শান্ত। ম্যাচের দ্বিতীয় দিন ৬ উইকেটে ৪৪৮ রানে প্রথম ইনিংস ঘোষণা করে পাকিস্তান। ডাবল সেঞ্চুরি থেকে ২৯ রান দূরে ছিলেন রিজওয়ান (১৭১*)। তার ব্যক্তিগত মাইলফলকের জন্য অপেক্ষা করেননি শান মাসুদ। সেঞ্চুরি করেছেন সৌদ শাকিলও (১৪১)। দ্বিতীয় দিনের শেষবেলায় বাংলাদেশ কোনো উইকেট না হারিয়ে ২৭ রান সংগ্রহ করেছিল।








