মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে চলছে ডাচ-বাংলা বাংলাদেশ-পাকিস্তান ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচ। খেলা উপভোগ করতে স্টেডিয়ামে এসেছেন বিএনপি মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাকে অভ্যর্থনা জানিয়েছেন বিসিবি কর্মকর্তারা।
মিরপুরে মির্জা ফখরুলকে ফুল দিয়ে বরণ করে নিতে অপেক্ষায় ছিল বিসিবি। তবে বিনয়ের সঙ্গে বাড়তি আয়োজনে সাড়া দেননি তিনি। শুধুই খেলা দেখতে এসেছেন জানিয়ে সরাসরি চলে যান প্রেসিডেন্ট বক্সে।
টসে জিতে পাকিস্তানকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ।
তিন ম্যাচ সিরিজে প্রথমটিতে পাকিস্তানকে ৮ উইকেটে হারিয়ে এগিয়ে আছে টিম টাইগার্স। দ্বিতীয় ম্যাচে জয় তুলে মিরাজ-লিটনদের সামনে সুযোগ ১১ বছর পর ঘরে পাকিস্তানের সঙ্গে সিরিজ জয়ের। ২০১৫ সালে অতিথিদের ৩-০তে ‘হোয়াইটওয়াশ’ করেছিল লাল-সবুজের দল।








