ভারত ও শ্রীলঙ্কায় চলতি টি-টুয়েন্টি বিশ্বকাপ শেষেই বাংলাদেশ সফরে আসবে পাকিস্তান দল। সফরে টিম টাইগার্সের বিপক্ষে তিনটি ওয়ানডে খেলবেন সালমান আলী আঘা-বাবর আজমরা।
সূচি অনুযায়ী ওয়ানডে সিরিজ খেলতে আগামী ৯ মার্চ ঢাকায় পৌঁছাবে পাকিস্তান। একদিন অনুশীলন সেরে প্রথম ওয়ানডেতে বাংলাদেশের মুখোমুখি হবে ১১ মার্চ। সিরিজের পরের দুই ওয়ানডে ১৩ ও ১৫ মার্চ। তিন ম্যাচই মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে, শুরু হবে দুপুর সোয়া ২টায়।
এদিকে আইসিসির মেগা ইভেন্টের বাইরে চলতি বছর এখন পর্যন্ত বাংলাদেশের ৯টি দ্বিপাক্ষিক সিরিজ খেলার কথা রয়েছে। পিএসএল শেষে এপ্রিলে আবার বাংলাদেশ সফরে আসবে পাকিস্তান।
সবশেষ গতবছর জুলাইয়ে তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ খেলতে এসেছিল পাকিস্তান। সিরিজটি ২-১ ব্যবধানে হেরেছিল সফরকারী দল।


