তিনমাসের বেশি সময় পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে বাংলাদেশ। বুধবার থেকে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে টিম টাইগার্স। ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি জায়গা করে নিতে আসন্ন সিরিজগুলোতে ভালো করতে হবে মেহেদী হাসান মিরাজদের। পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের জন্য বিশ্বকাপ যাত্রার শুরু, বলছেন কোচ ফিল সিমন্স।
বুধবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ ও পাকিস্তান। খেলা সরাসরি দেখাবে আইস্ক্রিন এবং ধারাভাষ্য শোনা যাবে রেডিও ভূমিতে। তার আগে সোমবার মিরপুরে সংবাদ সম্মেলনে আসেন সিমন্স।
ওয়ানডে র্যাঙ্কিংয়ে ১০ নম্বরে আছে বাংলাদেশ। সাউথ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায় গড়াতে চলা আগামী আসরে সরাসরি অংশ নিতে অন্তত আটে থাকতে হবে টাইগারদের। পাকিস্তান সিরিজে ভালো খেলে সে পথে এগিয়ে যেতে চান বাংলাদেশ কোচ।
সিমন্স বললেন, ‘আমাদের লক্ষ্য একটাই, টেবিলে উপরের দিকে উঠতে চাই। শুধু ৮ নম্বরের মধ্যে থেকে অটো-কোয়ালিফাই করা লক্ষ্য নয়, আমরা আরও উপরে উঠতে চাই। কোয়ালিফিকেশনের সময় যদি আমরা ৬ বা ৭ নম্বরে থাকতে পারি, সেটা দারুণ হবে। এর মানে হল আমাদের আরও ভালো ক্রিকেট খেলতে হবে।’
সবশেষ ২০১৫ সালে ঘরের মাটিতে পাকিস্তানকে ৩-০তে হোয়াইটওয়াশ করেছিল বাংলাদেশ। সেই সাফল্যের পূনরাবৃত্তি করতে চাইলেও চ্যালেঞ্জ দেখছেন সিমন্স। বললেন, ‘তারা এবারও নিশ্চয়ই ৩-০ ব্যবধানে হারতে চাইবে না। তারা এই সিরিজে খুব শক্তভাবে ফিরে আসার চেষ্টা করবে। আরেকটি বিষয় হল, এই সিরিজের উইকেট অনেক ভালো হবে। তাই আমরা সিরিজের দিকে তাকিয়ে আছি। সিরিজটি আমাদের জন্য ২০২৭ সাউথ আফ্রিকা বিশ্বকাপের যাত্রা শুরু।’
শাহিন শাহ আফ্রিদির নেতৃত্বাধীন পাকিস্তান দলে অভিষেক না হওয়া ৬ ক্রিকেটার আছেন। সিমন্স তাদেরকে অবজ্ঞা করছেন না। বলেছেন, ‘পাকিস্তানের কোন খেলোয়াড়কেই খাটো করে দেখার সুযোগ নেই, কারণ তাদের অনেক প্রতিভা আছে। অনভিষিক্ত হওয়া মানে এই নয় যে তারা অভিজ্ঞ নয়। আমাদের লক্ষ্য শুধু বিশ্বকাপের যোগ্যতা অর্জন নয়, বরং ওয়ানডে ক্রিকেটে উন্নতি করা।







