পাকিস্তানের সঙ্গে তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজে প্রথম দুটি জিতে নিয়েছে বাংলাদেশ। ২-০তে এগিয়ে গেছে লিটন দাসের দল। চ্যালেঞ্জিং কন্ডিশনে জয়ের কৃতিত্ব লাল-সবুজদের দিচ্ছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ও ধারাভাষ্যকার রমিজ রাজা। সঙ্গে পাকিস্তানের ঘাটতির জায়গাও দেখিয়ে দিয়েছেন।
বাংলাদেশের প্রশংসা করে রাজা বলেছেন, ‘পাকিস্তান ম্যাচ হারল, সিরিজও হেরেছে। বাংলাদেশকে অনেক শুভেচ্ছা। তারা আবারও পাকিস্তানকে শিখিয়ে দিল যে, কঠিন পিচে কীভাবে ব্যাটিং ও বোলিং করতে পারে। বাংলাদেশ শেষদিকে অনেক ক্যাচ মিস করেছে, চাপের মধ্যে এমন হতেই পারে। ফাহিম যদি আউট না হতো, পাকিস্তান জিততেও পারত। কিন্তু পাকিস্তান নিজেদের জন্য ম্যাচ অনেক কঠিন করে ফেলেছে ১৫ রানে ৫ উইকেট হারিয়ে।’
পাকিস্তানের দুর্বলতা নিয়ে ৬২ বর্ষী রাজা বলেছেন, ‘পাকিস্তানের একজন স্পেশালিস্ট স্পিনারও ছিল না। এটা বড় একটা ঘাটতি। বাংলাদেশের রিশাদ মার খেলেও একজন নিয়মিত বোলার, কঠিন পরিস্থিতিতে স্পেশালিস্ট বোলারদের দরকার হয়।’
নিজ দেশের খেলোয়াড়দের ম্যাচ থেকে শিক্ষা নিতে বলেছেন রমিজ, ‘পাকিস্তানকে বলব, এই হার থেকে শিখতে হবে। এগিয়ে যেতে হলে অনেককিছুই করতে হয়। টেকনিক নিয়ে কাজ করতে হবে। শুধু বিগ হিটিং দিয়ে কাজ হবে না। কেমন উইকেটে কেমন শট খেলতে হবে, কখন বিগ হিটিং করতে হবে, আপনার ডিফেন্স কতটা শক্তিশালী- সবকিছুই ঠিক করতে হবে। এখনও অনেককিছু শেখার ও বোঝার বাকি আছে, এবং সেই অনুযায়ী কাজ করা শিখতে হবে।’








