মেয়েদের এএফসি এশিয়ান কাপে নর্থ কোরিয়ার বিপক্ষে হেরেছে বাংলাদেশ। টানা দুই হারে পরের রাউন্ড বেশ কঠিন হয়ে গেছে আফঈদারের। র্যাঙ্কিংয়ে একশর বেশি এগিয়ে থাকা দলটির বিপক্ষে বড় হারের পরও খেলোয়াড়দের সমালোচনা করতে চান না বাংলাদেশের কোচ পিটার জেমস বাটলার।
ম্যাচের পর বাটলার বলেছেন, ‘আমরা সত্যিই একটি চমৎকার দলের বিপক্ষে খেলেছি। তারা সম্ভবত এশীয় ফুটবলে অন্যতম সেরা বা সেরা দল। আমাদের ফুটবলের আসল শিক্ষা হয়েছে এ ম্যাচে। শক্তি ও টেকনিক্যাল সক্ষমতার ক্ষেত্রে তারা আমাদের চেয়ে অনেকবেশি এগিয়ে ছিল।’
‘আমরা নর্থ কোরিয়ার সাথে পাল্লা দিয়ে খেলতে পারিনি। ৫-০, ৬-০ বা ৭-০ ব্যবধানে পরাজিত হওয়া কোন লজ্জার বিষয় নয়। মেয়েদের সমালোচনা করতে পারি না, কারণ আমরা এখনো সেই পর্যায়ে পৌঁছাতে পারিনি। তবে তাদের প্রচেষ্টার জন্য গর্বিত। যদি নর্থ কোরিয়ার অ্যাথলেটিক প্রোফাইল এবং শারীরিক উপস্থিতির দিকে তাকান, আমরা তাদের নিয়ন্ত্রণ করতে পারিনি। এটি একটি সম্পূর্ণ অসম লড়াই ছিল।’
এদিনও গোলকিপার মিলি দুর্দান্ত খেলেছেন। তাকে নিয়ে বাটলার বললেন, ‘মিলি সত্যিই এক অনন্য ব্যক্তিত্ব এবং একজন লড়াকু সৈনিক। তার দৃঢ়তা এবং জীবনের প্রতি উদ্দীপনার প্রশংসা না করে পারবেন না, বিশেষ করে যে প্রেক্ষাপট থেকে সে এসেছে। মেয়েটির কেবল প্রশংসাই করব। কিছু সময় সে সত্যিই কঠিন পরীক্ষার মুখে পড়েছিল।’
এএফসি এশিয়ান কাপে নর্থ কোরিয়ার কাছে ওয়েস্টার্ন সিডনি স্টেডিয়ামে ৫-০ গোলে হেরেছে লাল-সবুজের প্রতিনিধিরা। কোরিয়ার জোড়া গোল করেছেন কিম কিয়ং ইয়ং। একটি করে গোল করেছেন মিয়ং ইউ ঝং, চা উন ইয়ং এবং কিম হায়ে ইয়ং। ম্যাচজুড়ে একটি শটও নিতে পারেনি বাংলাদেশ।







