নেপালে বাংলাদেশ জাতীয় নারী কাবাডি দল পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে গিয়ে প্রথম দুই ম্যাচে পাত্তা পায়নি। তৃতীয় ম্যাচে এসে স্বাগতিক দলের বিপক্ষে জয়ের দেখা পেয়েছে শ্রাবণী আক্তারের দল। জয়ে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে ২-১ ব্যবধান দাঁড়িয়েছে।
বাংলাদেশ ম্যাচ জিতেছে ২৬-২৩ পয়েন্টের হাড্ডাহাড্ডি লড়াইয়ে। এদিনও খেলার প্রথমার্ধে পিছিয়ে ছিল বাংলাদেশ। দ্বিতীয়ার্ধে দারুণ প্রত্যাবর্তনের গল্প লেখেন শ্রাবনী-ইয়াসমিনরা।
প্রথমার্ধে নেপাল বাংলাদেশের চেয়ে এগিয়ে ছিল। এসময় বাংলাদেশের পয়েন্ট ছিল ১০, নেপালের পয়েন্ট ছিল ১৫। দ্বিতীয়ার্ধে নেমে এগিয়ে যায় বাংলাদেশ। একটি লোনাসহ লাল-সবুজদের পয়েন্ট দাঁড়ায় ১৮তে, তখনও নেপালের পয়েন্ট ছিল ১৫। এরপর নেপালকে আর ম্যাচে ফিরতে দেয়নি সফরকারীরা, ম্যাচ জিতে নেয় ২৬-২৩ পয়েন্টে।
দ্বিতীয় ম্যাচে দারুণ প্রতিদ্বন্দ্বিতা করেছিল বাংলাদেশ। নেপালের কাছে ২৯-২২ পয়েন্টে হারলেও দারুণ লড়াই করেছিল জাতীয় নারী কাবাডি দল। প্রথম ম্যাচে ৪১-১৮ পয়েন্টে হেরেছিল বাংলাদেশ। সিরিজের বাকি দুই ম্যাচ হবে ২৪ ও ২৫ এপ্রিল।








