এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে ১৮ নভেম্বর ভারতের বিপক্ষে খেলবে বাংলাদেশ। তার আগে নিজেদের প্রস্তুতিটা বাড়িয়ে নিতে নেপালের বিপক্ষে একটি ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলেছে জামাল ভূঁইয়ার দল। ঘরের মাঠে ভালো খেললেও প্রথমার্ধে একাধিক গোলের সুযোগ হাতছাড়া করেছে লাল-সবুজের দল। রোহিত চাঁদের গোলে ১-০ গোলে এগিয়ে বিরতিতে গেছে সফরকারী দল।
জাতীয় স্টেডিয়ামে শুরু থেকেই আধিপত্য বজায় রাখে বাংলাদেশ। প্রথম মিনিট থেকেই হামজা আটকে রাখার একটা প্রয়াস ছিল নেপাল দলের মধ্যে। হামজাকেই পুরো প্রতিপক্ষ বানিয়ে নিয়েছিল নেপাল।
তৃতীয় মিনিটেই প্রথম কর্নার আদায় করে নেয়। সুযোগ তৈরি করেও কাজে লাগাতে পারেনি সোহেল রানারা। ৮ মিনিটে নেপাল গোলের সুযোগ পায় সাদ উদ্দিনের ভুলে। তবে সাদ নিজেই আক্রমণ প্রতিহত করেন।
২৬ মিনিটে ভালো সুযোগ তৈরি করেন রাকিব হোসেন ও ফয়সাল আহমেদ ফাহিম। তবে নেপাল গোলরক্ষকের দৃঢ়তায় এ যাত্রা বেঁচে যায় দলটি। ২৯ মিনিটে গোলের দেখা পায় নেপাল। ফিরতি বল পেয়ে ডি বক্সের বাইরে থেকে শট করে বাংলাদেশ জালে বল পাঠান রোহিত।
১-০ ব্যবধানে এগিয়ে যায় সফরকারী দল। পরের মিনিটে সমতায় ফেরার সুযোগ ছিল বাংলাদেশের। নেপাল গোলরক্ষক কিরণ কুমার লিম্বু তা প্রতিহত করেন। মিনিট পাঁচেক পর ফাহিম গোলমুখে আরও একটি শট নিলেও তা ঠেকিয়ে দেন নেপালের গোলরক্ষক। এরপর আরও একাধিকবার সুযোগ তৈরি করলেও সমতায় ফিরতে পারেনি বাংলাদেশ। প্রথমার্ধ শেষ হয় ১-০ ব্যবধানে।








