মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপে নেপালকে টানা দ্বিতীয়বার ফাইনালে হারিয়ে আবারও শিরোপা উঁচিয়ে ধরেছে বাংলাদেশ। শিরোপা জিতে যখন বাঁধনহারা উল্লাসে মেতে ওঠেন সাবিনা খাতুন-ঋতুপর্ণা চাকমারা, তখন দেখা যায় না দলের অন্যতম নায়ক জেমস পিটার বাটলারকে। এমনকি ফটোসেশনেও দেখা যায়নি মেয়েদের প্রধান কোচ বাটলারকে।
খবর চাউর, কোচের সঙ্গে খেলোয়াড়দের মনোমালিন্য চলছে বেশ লম্বা সময় ধরেই। এমন সব কারণে অভিমান আর ক্ষোভ থেকে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের দায়িত্বটাই ছেড়ে দিতে চাচ্ছেন ইংলিশ এ কোচ।
স্থানীয় সাংবাদিকরা দূরে দাঁড়িয়ে থাকার কারণ জানতে চাইলে বাটলার একরকম ক্ষোভ থেকেই বলে ওঠেন, ‘এই ট্রফি জয় মেয়েদের উপভোগ করতে দিন। আমার উদযাপনের দরকার নেই। এটা আমার শেষ ম্যাচ। মেয়েদের দায়িত্বে আমি আর থাকছি না। তবে বাফুফের সঙ্গে কাজ চালিয়ে যাব। মেয়েদের সঙ্গে এটাই আমার শেষ ম্যাচ ছিল।’
বুধবার কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে নেপালকে ২-১ গোলে হারিয়েছে বাংলাদেশ। দারুণ লড়ে আসরে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়া সাবিনা খাতুনের লাল-সবুজের দলের গোল দুটি করেন মনিকা চাকমা ও ঋতুপর্ণা চাকমা।








