মেয়েদের এএফসি এশিয়ান কাপের একাদশ ঘোষণার পর দেখা গেল সাফজয়ী গোলকিপার রুপনা চাকমা সেরা একাদশে জায়গা পাননি। গোলবারের নিচে দেখা গিয়েছিল মিলি আক্তার যিনি বেশিরভাগ সময়ে বয়সভিত্তিক দলে খেলেছেন। হঠাৎ গোলকিপার পরিবর্তনের পরিকল্পনা বুঝতে পারেনি বাংলাদেশের অনেকেই।
ম্যাচে অবশ্য খুব একটা ভুল করতে দেখা যায়নি মিলি আক্তারকে। বাংলাদেশ প্রতিযোগিতাটির বর্তমান চ্যাম্পিয়ন চীনের বিপক্ষে ২-০ গোলে হেরেছিল। নিয়মিত গোলকিপার পরিবর্তনের ব্যাপারে কথা বলেছেন গোলকিপিং কোচ মাসুদ আহমেদ উজ্জল। তিনি জানিয়েছেন দুই আগে থেকে হেড কোচ পিটার বাটলারসহ এ পরিকল্পনা করেছিলেন তারা।
বাফুফের পাঠানো ভিডিওবার্তায় মাসুদ আহমেদ উজ্জল বলেন, ‘আজ দলের সবাই রিকভারি সেশন শেষ করেছে। পরে একটি ভিডিও সেশন হবে যেখানে গত ম্যাচের ভুলত্রুটিগুলো বিশ্লেষণ করা হবে। আগামীকাল থেকে সেই ভুলগুলো নিয়ে মাঠে কাজ শুরু করব আমরা। মেয়েরা পরিকল্পনা অনুযায়ী মাঠে খেলতে পেরেছে। কোচিং স্টাফরা মেয়েদের মানসিক অবস্থা ভালো বোঝেন এবং তাদের আন্তরিকতায় তিনি সন্তুষ্ট।’
‘গোলরক্ষক মিলিকে নিয়ে আমাদের বিশেষ পরিকল্পনা ছিল। বিশেষ করে চীনের বিরুদ্ধে তার উচ্চতাকে কাজে লাগিয়ে সফল হওয়ার পরিকল্পনাটি গত দুই মাস আগেই হেড কোচের সাথে আলোচনা করে ঠিক করা হয়েছিল। ঘরোয়া লিগ এবং অনুশীলনে সেভাবে কাজ করার সুফল মাঠে পাওয়া গেছে।’
দলের পরবর্তী লক্ষ্য নিয়ে উজ্জল বলেন, ‘দলে বড় ধরনের কোনো ইনজুরি নেই, যা পরবর্তী গুরুত্বপূর্ণ ম্যাচের জন্য ভালো দিক। পরবর্তী ম্যাচে উত্তর কোরিয়ার বিপক্ষে ভালো ফলাফল বা অন্তত এক পয়েন্ট অর্জনের লক্ষ্য নিয়ে কাজ করছি। আজ এবং কাল ভিডিও সেশন ও অনুশীলনের মাধ্যমে সেই প্রস্তুতি নেয়া হবে।’
বাংলাদেশ দ্বিতীয় ম্যাচ খেলবে ৬ মার্চ নর্থ কোরিয়ার বিপক্ষে। খেলা শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮ টায়।

