এশিয়া কাপের ম্যাচ চলাকালীন মারা গেছেন শ্রীলঙ্কার বাঁহাতি স্পিনার দুনিথ ওয়েল্লাগের বাবা সুরঙ্গা ওয়েল্লাগে। খেলা শেষে টিম ম্যানেজারের কাছে বাবার মৃত্যু সংবাদ শোনেন ওয়েল্লাগে। সঙ্গে ছিলেন হেড কোচ সনাৎ জয়সুরিয়াও। ২২ বর্ষী স্বদেশি তারকার বেদনায় সমব্যথী লঙ্কান কিংবদন্তি-কোচ দিয়েছেন আবেগঘন বার্তা।
ওয়েল্লাগের বাবার মৃত্যুতে শোক জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে জয়সুরিয়া লিখেছেন, ‘সুরঙ্গা ওয়েল্লাগের মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। তিনি একজন বাবা, একজন ক্রিকেটার এবং এমন একজন মানুষ যিনি ছেলেকে লালনপালন করেছেন যার জন্য সমগ্র জাতি গর্বিত।’
‘দুনিথ, তোমার বাবা নিজেও একজন ক্রিকেটার ছিলেন এবং তিনি এমন ছেলেকে লালনপালন করেছেন যার জন্য তিনি সত্যিই গর্বিত হতে পারেন। তার মূল্যবোধ, খেলার প্রতি ভালোবাসা এবং চেতনা তোমার মধ্য দিয়ে বেঁচে থাকবে। জানি তুমি কতটা শক্তিশালী, এবং আমার কোন সন্দেহ নেই যে তুমি শ্রীলঙ্কার হয়ে অনেক খেলা জিতিয়ে তাকে গর্বিত করবে।’
‘কঠিন এ মুহূর্তে মনে রাখবে তুমি একা নও। আমি একজন বাবার মতো তোমার পাশে থাকব, তোমাকে পথ দেখাব, তোমার পাশে দাঁড়াব এবং প্রতিটি পদক্ষেপে তোমাকে সমর্থন করব। পুরো দল, জাতি এবং এই খেলাকে ভালোবাসে এমন সকলেই তোমার পাশে আছে।’
‘এটা আমাদের সকলকে মনে করিয়ে দেয় যে, শ্রীলঙ্কানদের ক্রিকেটের প্রতি কতটা আবেগ রয়েছে- এটি কেবল একটি খেলা নয়, বরং এমন একটি পরিবার যা আনন্দে এবং দুঃখে একসাথে পাশে দাঁড়ায়। তোমার বাবার আত্মা চিরশান্তিতে থাকুক এবং তোমার চারপাশের ভালোবাসায় শক্তি খুঁজে পাও।’
এশিয়া কাপের ‘বি’ গ্রুপের শেষ ম্যাচে গতরাতে আফগানিস্তানকে ৬ উইকেটে হারিয়েছে শ্রীলঙ্কা। টসে জিতে আগে ব্যাটে নেমে ১৬৯ রান তোলে আফগান দল। জবাবে ৬ উইকেটে জয় নিশ্চিত করে শ্রীলঙ্কা। তাদের জয়ে লঙ্কানদের পাশাপাশি সুপার ফোরে উঠে গেছে বাংলাদেশও। এই ম্যাচের সময় শ্রীলঙ্কায় হৃদক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুকোলে ঢলে পড়েন ওয়েল্লাগের বাবা।








