প্রধানমন্ত্রী তারেক রহমানকে ইফতার আয়োজনে অংশগ্রহণের দাওয়াত দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আগামী ২৮ ফেব্রুয়ারি রাজধানীতে দলটি ইফতার আয়োজন করেছে।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ার ও সহকারী সেক্রেটারি জেনারেল মওলানা আব্দুল হালিম সাক্ষাৎ করেন। সাক্ষাতকালে তারা প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বপরিবারে ইফতারের দাওয়াত দেন।
সাক্ষাৎ শেষে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ার সাংবাদিকদের বলেন, ‘আগামী ২৮ ফেব্রুয়ারি বিকাল ৫টায় বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আমাদের ইফতার অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।’
তিনি জানান, ‘প্রধানমন্ত্রী দাওয়াত খুব আন্তরিকতার সঙ্গেই কবুল করেছেন। যাবেন বলে আমাদেরকে আশ্বস্ত করেছেন। আমাদের আমির টেলিফোনে আলাপের সময় সপরিবারে ওনার সম্মানিত স্ত্রী এবং সন্তানসহ সবাইকে আমন্ত্রণ জানিয়েছেন। আমরা উভয়কেই দাওয়াতপত্র দিয়েছি।’


