মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আব্দুর রহমান বলেছেন, মিঠা পানির মাছ আহরণে বাংলাদেশ বিশ্বে তৃতীয় থেকে দ্বিতীয় অবস্থানে উত্তরণ করেছে।
বৃহস্পতিবার ১৩ জুন সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। মন্ত্রী বলেন, ভবিষ্যতে আমরা উৎপাদনে প্রথম স্থানে যাওয়ার চেষ্টা করবো।
তিনি বলেন, বিগত দুই বছরে মিঠা পানির মাছ উৎপাদনে উল্লেখযোগ্য অবদান রেখেছে ইলিশ, দেশীয় প্রজাতির মাছ (পাঙাস, বোয়াল, আইড় ও অন্যান্য ছোট মাছ) এবং কার্প জাতীয় মাছ। এর মধ্যে সর্বাধিক অবদান রয়েছে ইলিশ মাছের।
মন্ত্রী বলেন, বিশ্বে ইলিশ উৎপাদনকারী ১১টি দেশের মধ্যে বাংলাদেশ প্রথম, ইলিশ উৎপাদনে বিশ্বে বাংলাদেশ রোল মডেল। ইলিশের উৎপাদন বৃদ্ধি ও টেকসই উৎপাদন নিশ্চিত করতে সরকার জাটকা সংরক্ষণ, ইলিশ প্রজনন সুরক্ষা কার্যক্রম বাস্তবায়ন, ইলিশ অভয়াশ্রম ঘোষণা ও ব্যবস্থাপনা ইত্যাদি কার্যক্রম বাস্তবায়নের ফলে ২০২২-২৩ অর্থবছরে ইলিশের উৎপাদন হয়েছে ৫ দশমিক ৭১ লাখ মেট্রিক টন।
আসন্ন ঈদুল আজহার পশুর হাট বিষয়ে তিনি বলেন, পশুর দাম নিয়ে বাজারে যদি কেউ কারসাজি করে তবে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়া হবে। কোরবানির পশুর চাহিদা ১ কোটি ৭ লাখ। সরবরাহ আছে ১ কোটি ৩০ লাখ। তারপরও কেউ ছলচাতুরি করে দাম বাড়ালে বিক্রেতাদের মাথায় হাত দিয়ে ফিরতে হবে।








