বড়দের মত ছোটদের ক্রিকেটেও বাংলাদেশ ও ভারতের মধ্যে উত্তেজনা চলছেই। বড়দের টি-টুয়েন্টি বিশ্বকাপের আসর শুরু না হলেও ছোটদের অনূর্ধ্ব-১৯ ওয়ানডে বিশ্বকাপ শুরু হয়েছে জিম্বাবুয়ে ও নামিবিয়াতে। বাংলাদেশের প্রথম ম্যাচে টসে নেমেছিল, টসও হয়েছিল। তবে ভারত ও বাংলাদেশের দুই অধিনায়ক টসের পর হাত মেলাননি।
কুইন্স স্পোর্টস ক্লাব বুলাওয়েতে টসে জিতে আগে বল করার সিদ্ধান্ত নেন বাংলাদেশের ভারপ্রাপ্ত অধিনায়ক জাওয়াদ আবরার। আগে ব্যাট করা আয়ুস মাহাত্রের ভারত ৪৮.৪ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২৩৮ রান তোলে। প্রথম ম্যাচে বাংলাদেশের জন্য প্রয়োজন ২৩৯ রান।
আগে ব্যাট করা ভারতের ওপেনিং জুটিতে খুব একটা সুবিধা করতে পারেনি ভারত। দলটির অধিনায়ক মাহাত্রে মাত্র ৬ রান করে আল ফাহাদের বলে আউট হয়ে সাজঘরে ফেরেন। বেশ খানিকটা ভুগিয়েছে অপর ওপেনার বৈভব সূর্যবশংশী। ৬৭ বলে ৭২ রান করে আউট হন তিনি।
ভারতের পক্ষে সর্বোচ্চ ৮০ রানের ইনিংসটি খেলেছেন অভিজ্ঞান কুণ্ডু। তিনি ১১২ বলে চারটি ৪ ও দুটি ছক্কার মাধ্যমে এ রান করেন। তৃতীয় সর্বোচ্চ ২৮ রান আসে কানিসক চৌহানের থেকে। শেষ ব্যাটার হিসেবে দিপেশ দেবেন্দ্র ১১ রান করেন। এছাড়া ভারতের আর কোনো ব্যাটার বাংলাদেশের বোলিংতোপে দুই অঙ্ক ছুঁতে পারেনি।
বাংলাদেশের পেসার আল ফাহাদ সর্বোচ্চ ৫টি উইকেট নিয়েছেন। এছাড়া ২টি করে উইকেট নিয়েছেন ইকবাল হোসেন ইমন ও আজিজুল হাকিম তামিম। একটি উইকেট পেয়েছেন শেখ পারভেজ জীবন।








