এই খবরটি পডকাস্টে শুনুনঃ
মেয়েদের রাইজিং স্টার্স এশিয়া কাপে গ্রুপপর্বে অপরাজিত থেকে সেমিতে পাকিস্তানকে হারিয়ে ফাইনালের টিকিট কেটেছিল বাংলাদেশ। শিরোপা মহারণে প্রতিপক্ষ দুদল গত আসরের মতোই। গতবারের চ্যাম্পিয়ন ভারত-এ দলের বিপক্ষে নেমেছে রানার্সআপ বাংলাদেশ-এ। ম্যাচে টিম টাইগ্রেসকে জয়ের জন্য ১৩৫ রানের লক্ষ্য দিয়েছে ভারত।
ব্যাংককের টের্ডথাই ক্রিকেট গ্রাউন্ডে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ভারত। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৩৪ রান সংগ্রহ করেছে।
ওপেনার নন্দিনী ক্যাশপ ১৫ বলে ৮ করে রান আউট হন। দিনেশ বৃন্দাকে সাজঘরে পাঠিয়েছেন ফাতেমা জাহান, তিনি ১৭ বলে করে যান ১৯ রান। ৮ রান করে ফাহিমা খাতুনের বলে আউট হন আনুশকা শর্মা।
রানের খাতা খুলতে না পারা মিন্নু মানিকে ফেরান ফারজানা ইয়াসমিন। রাধা যাদব ও তেজাল হাসাবনিস বেশ বড় জুটি গড়েন। ৩০ বলে ৩৬ রান করা রাধাকে ফেরান অধিনায়ক ফাহিমা। ভারতকে একা টেনে নেন তেজাল, ৩৪ বলে করেন অপরাজিত ৫১ রান।
বাংলাদেশের হয়ে ফাহিমা ৪ ওভারে ২৫ রান খরচায় নেন ৪ উইকেট। ১টি করে উইকেট নেন ফারজানা এবং ফাতেমা।








