ভারত-পাকিস্তান সংঘাতে ইতিমধ্যেই স্থগিত হয়েছে আইপিএল ও পিএসএল। একই কারণে চলতি মাসে পাঁচ টি-টুয়েন্টি খেলতে বাংলাদেশের পাকিস্তান সফর হওয়া নিয়েও শঙ্কা জেগেছে। সঙ্গে ভারতের বাংলাদেশ সফর নিয়েও দেখা দিয়েছে অনিশ্চয়তা। বাতিল হতে পারে এবছরের এশিয়া কাপও, খবর টাইমস অব ইন্ডিয়ার।
তিনটি করে ওয়ানডে ও টি-টুয়েন্টির সিরিজ খেলতে আগামী ১৩ আগস্ট ঢাকায় আসার কথা ভারত দলের। সেপ্টেম্বরে ঘরের মাঠে এশিয়া কাপ আয়োজন করার কথা তাদের। আপাতত বাংলাদেশ সফর ও এশিয়া কাপ আয়োজন করছে না ভারত, নির্ভরযোগ্য সূত্রের বরাতে এমন জানিয়েছে সংবাদমাধ্যমটি।
প্রতিবেদনে লিখেছে, আন্তর্জাতিক সূচি বাতিল করে প্রয়োজন পড়লে ওই সময়ে আইপিএলের বাকি অংশ আয়োজন করতে পারে বিসিসিআই। এছাড়া আগস্টের আগে আইপিএল শেষ হলেও বাংলাদেশ সফর ও এশিয়া কাপ আয়োজন করতে চায় না বোর্ডটি।
গতমাসে ভারত সিরিজের পূর্ণাঙ্গ সূচিও ঘোষণা করেছে বিসিবি। ১৭ আগস্ট মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে প্রথম ওয়ানডে গড়ানোর কথা। একই মাঠে দ্বিতীয় ওয়ানডে খেলার পর তৃতীয়টি গড়ানোর কথা চট্টগ্রামে, ২৩ আগস্ট। ২৬ আগস্ট চট্টগ্রামে প্রথম টি-টুয়েন্টি খেলে পরের দুটি ম্যাচ খেলার কথা মিরপুরে ২৯ ও ৩১ আগস্টে।








