মেয়েদের সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপ বসেছে নেপালের পোখারায়। চার দলের আসরে গ্রুপপর্বের সব ম্যাচ জিতে ফাইনালে উঠেছে বাংলাদেশ। শিরোপা মহারণের আগে বেশ ফুরফুরে মেজাজে আছে লাল-সবুজের প্রতিনিধিরা। চ্যাম্পিয়ন ট্রফি নিয়েই দেশে ফিরতে চান অধিনায়ক অর্পিতা বিশ্বাস।
বৃহস্পতিবার দলের সার্বিক অবস্থা তুলে ধরেছেন অর্পিতা। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ভিডিওবার্তায় জানান, ‘দলের অবস্থা ভালো এবং কারও চোট সমস্যা নেই। সবাই মোটামুটি ফিট আছে। যেহেতু পরশুদিন আমাদের ফাইনাল খেলা, সবাই ফিট আছে এবং ফাইনালে লড়াকু মনোভাব দেখাতে সবাই মানসিকভাবে প্রস্তুত আছে।’
‘ইনশাআল্লাহ আমরা ফাইনালে ভালো কিছু করব। যেহেতু ভারতকে আমরা একবার হারিয়েছি, আবারও ভারতের সাথে আমাদের ফাইনাল খেলা। আমাদের মধ্যে আলাদা একটা শক্তি কাজ করছে যে, তাদেরকে আমরা একবার হারিয়েছি।’
শিরোপা জয়ের প্রত্যয় ব্যক্ত করে বাংলাদেশ অধিনায়ক বলেছেন, ‘আমরা মানসিকভাবে পুরোপুরি প্রস্তুত আছি যে, আমরা তাদেরকে হারাতে পারবো এবং চ্যাম্পিয়ন ট্রফি বাংলাদেশে নিয়ে ফিরব। ইনশাআল্লাহ ট্রফি অবশ্যই বাংলাদেশে যাবে। আমরা মনেপ্রাণে চেষ্টা করব ট্রফি দেশে নিয়ে যেতে।’
আসরের প্রথম ম্যাচে ভুটানকে ১২-০, দ্বিতীয় ম্যাচে ভারতকে ২-০ এবং শেষ ম্যাচে নেপালকে ৪-০ গোলে হারিয়ে অপরাজিত থেকে মেয়েদের সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপে ফাইনালে ওঠে বাংলাদেশ। শিরোপার প্রতিপক্ষ ভারত।








