এএফসি এশিয়ান কাপের বাছাইয়ে ভারতের বিপক্ষে অভিষেক হয়েছিল হামজা দেওয়ান চৌধুরীর। ভারতের মাটিতে গোল না পেলেও দ্বিতীয় এবং বাংলাদেশের মাটিতে প্রথম ম্যাচ খেলতে নেমেই গোলের দেখা পেয়েছেন লাল-সবুজের তারকা। ভুটানের বিপক্ষে পঞ্চম মিনিটে তার গোলে এগিয়ে যায় বাংলাদেশ।
বাংলাদেশ জাতীয় স্টেডিয়ামে নেমে শুরু থেকে ভুটানকে আক্রমণের উপর রাখেন লাল-সবুজের প্রতিনিধিরা। পঞ্চম মিনিটে সাফল্য পায় বাংলাদেশ, দেশের মাটিতে নেমেই অভিষেক গোল পেয়েছেন হামজা চৌধুরী। কর্নার থেকে জামাল ভূঁইয়ার নেয়া শট ডি বক্সে পান হামজা, দুর্দান্ত হেডে গোল পেয়ে যান তিনি। ১-০ গোলে এগিয়ে যায় বাংলাদেশ।
হামজার মাধ্যমে গোল পেয়ে আরও আক্রমণাত্মক হয়ে ওঠে বাংলাদেশ। বেশ কয়েকটি আক্রমণের চেষ্টা দেখা গেলেও খেলা কিছুটা এলোমেলো ছিল। অভিষিক্ত কাজেম কিরমানি ও ফাহমিদুল ইসলামের কিছু কারিকুরি দেখা যায়। প্রথমবার জাতীয় স্টেডিয়ামে খেলতে নেমে খেলোয়াড়দের মধ্যে কিছুটা অস্বস্তিও দেখা গেছে।
৩৬ মিনিটে গোলের সামনে প্রায় ফাঁকায় বল পেয়েছিলেন জামাল, বাংলাদেশ অধিনায়কের শট ভুটান ডিফেন্ডারদের দৃঢ়তায় আটকে যায়। পরের মিনিটে ফরোয়ার্ড রাকিব প্রায় একই জায়গায় পেলেও গোল করতে পারেননি।
প্রথমার্ধে আরও কয়েকটি সুযোগ ছিল বাংলাদেশের হাতে। তার কোনটিই কাজে লাগাতে পারেননি রাকিবরা। প্রথমার্ধে ভুটান বেশ কয়েকটি আক্রমণ করলেও বিপদে পড়তে হয়নি গোলকিপার মিতুল মারমাকে। বাংলাদেশের রক্ষণও বেশ আরামে কাটিয়েছে প্রথমার্ধে। ১-০ গোলে এগিয়ে বিরতিতে যায় বাংলাদেশ।








