মেয়েদের সাফ ফুটসালে প্রথম আসরেই চ্যাম্পিয়ন হয়ে ফিরেছে বাংলাদেশ। শিরোপাজয়ী লাল-সবুজের দল শনিবার এসেছিল চ্যানেল আই ভবনে সংবর্ধনায়। ফরোয়ার্ড সুমাইয়া মাতসুশিমা জানালেন, ইতিহাস গড়ে খুবই ভালো লাগছে।
শনিবার বেলা ১১টার দিকে বাফুফের বাসে চ্যাম্পিয়নরা চ্যানেল আই প্রাঙ্গণে পৌঁছান। ফুলেল অভ্যর্থনা ছিল। পরে আলাপচারিতায় সুমাইয়া বললেন, ‘আলহামদুলিল্লাহ, আমরা সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপ জিততে পেরেছি। ইতিহাসে প্রথমবার সাফ ফুটসাল চ্যাম্পিয়ন হতে পেরে আমার কাছে খুবই ভালো লাগছে।’
‘আমাদের ক্যাম্পটা খুবই মজার ছিল। যেহেতু একটা স্বাস্থ্যবান প্রতিযোগিতাপূর্ণ পরিবেশ ছিল, আমরা খুব ইতিবাচক আর সবাই বন্ধুত্বপূর্ণ ছিলাম। এবার মনে হয়েছে অনেক ভালো একটা ক্যাম্প ও আসর হয়েছে। সতীর্থরা আমার জার্সি নম্বর সেভেন হিসেবে ডাকে না, আমাকে আদর করে সুমু করে ডাকে সবাই।’
থ্যাইল্যান্ডের ব্যাংককে গড়ানো ফুটসাল আসরে অপরাজিত চ্যাম্পিয়ন হয় এসেছে বাংলাদেশ। প্রথম আসরে শিরোপা জিতে বৃহস্পতিবার ঢাকায় পৌঁছায় সাবিনার দল। শুরুতে চ্যাম্পিয়নদের বিমানবন্দরে ফুলেল বরণ করে নেয়া হয়। পরে ছাদখোলা বাসে চ্যাম্পিয়ন দলকে নিয়ে যাওয়া হয় হাতিরঝিল এম্পিথিয়েটারে, ঝলমলে আয়োজনে বিজয়ী দলকে সংবর্ধনা দেয় বাফুফে।
সাত দলের অংশগ্রহণে ফুটসাল আসরে ৬ ম্যাচে ৫ জয় ও এক ড্রয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে সাবিনা খাতুনের দল। ভারতকে ৩-১ গোলে হারিয়ে আসর শুরু, দ্বিতীয় ম্যাচে ভুটানের বিপক্ষে ৩-৩ ড্র। পরের তিন ম্যাচে নেপালকে ৩-০, শ্রীলঙ্কাকে ৬-২, পাকিস্তানকে ৯-১ এবং মালদ্বীপকে ১৪-২ গোলে হারায় বাংলাদেশ।








