সিলেট টাইটানসের বিপক্ষে ব্যাটে নেমে ঝড় তুলেছে চট্টগ্রাম রয়্যালস। আসরে সর্বোচ্চ রানের রেকর্ড গড়েছে তারা। অ্যাডাম রসিংটন ও মাহমুদুল হাসান জয়ের দুর্দান্ত ব্যাটিংয়ের পর ঝড় তুলেছেন শেখ মেহেদী। তাতে চলতি আসরে সর্বোচ্চ রানের সংগ্রহ গড়েছে চট্টগ্রাম। সিলেটকে ১৯৯ রানের লক্ষ্য দিয়েছে বন্দরনগরীর দলটি।
এবারের আসরে সর্বোচ্চ ১৯২ রান করেছিল রাজশাহী ওয়ারিয়র্স। উদ্বোধনী দিনে সিলেট টাইটানসের ১৯০ রান তাড়া করেছিল তারা।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বুধবার দিনের দ্বিতীয় ম্যাচে টসে হেরে আগে ব্যাটে নামে চট্টগ্রাম। নির্ধারিত ২০ ওভার শেষে ৫ উইকেটে ১৯৮ রান করেছে চট্টগ্রাম।
চট্টগ্রামের হয়ে সর্বোচ্চ ৪৯ রান করেছেন রসিংটন। ৬ চার ও এক ছক্কায় ৩৮ বলে ৪৯ রান করেন ইংলিশ ব্যাটার। ৩ চার ও ৪ ছক্কায় ২১ বলে ৪৪ রান করেন মাহমুদুল হাসান জয়। শেষ দিকে শেখ মেহেদী ৪ চার ও এক ছক্কায় ১৩ বলে ৩৩ রানের অপরাজিত ইনিংস খেলেন।
এছাড়া হাসান নাওয়াজ ২০ বলে ২৫, নাঈম শেখ ১৫ বলে ১৮ এবং আসিফ আলির ব্যাট থেকে আসে ৮ বলে ১৩ রান।
সিলেটের হয়ে রুয়েল মিয়া নেন ৩ উইকেট। মঈন আলি ও আজমতউল্লাহ ওমরজাই শিকার করেন একটি করে উইকেট।








