মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপের গত আসরে সেমিফাইনালে ভুটানকে পেয়েছিল বাংলাদেশ। পাহাড়বেষ্টিত দেশটিকে ৮-০ গোলে হারিয়ে ফাইনালে খেলেছিল বাংলাদেশ। এবারেরও আসরে তাদেরকেই প্রতিপক্ষ পেয়েছে লাল-সুবজ দল। আসর জুড়ে দারুণ ছন্দে থাকা ভুটানকে হারিয়ে ফাইনালে খেলতে প্রস্তুত বাংলাদেশের মেয়েরা।
রোববার সেমির লড়াইয়ে মুখোমুখি হবে বাংলাদেশ-ভুটান। বাংলাদেশ সময় পৌনে দুটায় কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে গড়াবে লড়াই। তার আগের দিন সংবাদ সম্মেলনে নিজেদের প্রস্তুতির কথা জানিয়েছেন বাংলাদেশ কোচ পিটার জেমস বাটলার।
‘ভুটানকে ভয় পাওয়ার কিছু নেই। প্রতিপক্ষ শক্তিশালী থাকে, সেটা জানি। ওরা শক্তিশালী দল, সেটা ভেবেই খেলবো। তাদের গোলরক্ষক অনেক ভালো। ম্যান অব দ্য ম্যাচ হয়েছে। আমরা সেরা প্রস্তুতি নিয়েই নামবো।’








