ছেলেদের এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপ বাছাইয়ে টানা চতুর্থ ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ। শুক্রবার শক্তিশালী বাহরাইনকে ২-১ গোলে হারিয়েছে নাজমুল হুদা ফয়সালের দল। গোলের একটি করেছেন বায়েজিদ বোস্তামি ও অন্যটি মো. মানিক। শেষ ম্যাচে ৩০ ডিসেম্বর স্বাগতিক চীনকে হারাতে পারলে এশিয়ান কাপের মূলপর্বে খেলবে বাংলাদেশ।
চীনের ইয়াংচুয়াং স্পোর্টস সেন্টার স্টেডিয়ামে প্রথমার্ধে গোলশূন্য ড্র ছিল। বাংলাদেশ এবং বাহরাইন গোলের দেখা পাচ্ছিল না। সাফল্যহীন বিরতিতে যায় দুদল।
বিরতির পর প্রথম গোলের দেখা পায় বাংলাদেশ। ৫৯ মিনিটে সাব্বিরের অ্যাসিস্টে গোল করেন আসরে নিয়মিত জালের দেখা পাওয়া বায়েজিদ। দ্বিতীয় গোলটি পেতে আরও ১২ মিনিট অপেক্ষা করতে হয়। ৭২ মিনিটে অধিনায়ক ফয়সালের অ্যাসিস্টে ম্যাচের দ্বিতীয় গোলটি করেন মানিক।
৮৫ মিনিটে ম্যাচে ফেরার ইঙ্গিত দিয়েছিল বাহরাইন। এসময় হুসাইন জুবায়েরের গোলে ব্যবধান দাঁড়ায় ২-১। ওই ব্যবধানে টানা চতুর্থ জয় নিয়ে মাঠ ছাড়ে গোলাম রব্বানি ছোটনের শিষ্যরা। জয়ে আবারও চীনকে সরিয়ে টেবিলে শীর্ষে ফিরেছে বাংলাদেশ।
৪ ম্যাচ খেলে এবং এপর্যন্ত প্রতিপক্ষ জালে ২০ গোল দিয়ে বাংলাদেশ হজম করেছে মাত্র একটি। অন্যদিকে ৩ ম্যাচ খেলা স্বাগতিক চীন প্রতিপক্ষ জালে দিয়েছে ৩০ গোল, হজম করেনি একটিও। এশিয়ান কাপে মূলপর্বে খেলতে শেষ ম্যাচে চীনকে হারাতে হবে, আর বাংলাদেশ ড্র করলে গোলব্যবধানে এগিয়ে থাকায় গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে মূলপর্বে জায়গা করে নেবে স্বাগতিকরা। তার আগে অবশ্য নিজেদের চতুর্থ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে জিততে হবে চীনকে।
গত শনিবার পূর্ব তিমুরকে ৫-০ গোলে হারিয়ে বাছাইয়ে যাত্রা শুরু করেছিল বাংলাদেশ। জোড়া গোল করেছিলেন মানিক। বাকি তিন গোল ছিল রিফাত কাজী, বায়েজিত বোস্তামি ও আকাশ আহমেদের।
দ্বিতীয় ম্যাচে ব্রুনাইকে আরও বড় ব্যবধানে হারিয়েছিল বাংলাদেশ, ৮-০ ছিল। জোড়া গোল করেছিলেন অপু রহমান ও রিফাত কাজি। একবার করে প্রতিপক্ষ জালে বল পাঠিয়েছিলেন নাজমুল হুদা ফয়সাল, মানিক, আরিফ এবং বায়েজিত বোস্তামি।
তৃতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে ৫-০ গোলে হারিয়ে দেন লাল-সবুজের যুবারা। দুটি গোল করেন অধিনায়ক নাজমুল হুদা ফয়সাল। একটি করে গোল এনে দেন ইকরামুল ইসলাম, মানিক, বায়েজিদ বোস্তামি।








