পঞ্চগড় ও দিনাজপুরের পর এবার ঠাকুরগাঁওয়েও প্রকাশ্য রাজনৈতিক কর্মসূচিতে ফিরেছে বাংলাদেশ আওয়ামী লীগ।
রোববার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ পৌর শহরের লিচুতলা এলাকায় দলীয় কার্যালয় প্রাঙ্গণে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে এ কর্মসূচির সূচনা হয়। দীর্ঘ বিরতির পর সাবেক ছাত্রনেতাদের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে অন্তত ৩০ জন নেতাকর্মী অংশ নেন।
জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দের উপস্থিতিতে কার্যালয় চত্বরে প্রাণচাঞ্চল্য ফিরে আসে। উপস্থিত নেতারা জানান, এটি কেবল আনুষ্ঠানিক কর্মসূচি নয়, তৃণমূলকে ঐক্যবদ্ধ করে সাংগঠনিক কার্যক্রম জোরদার করাই তাদের লক্ষ্য।
নেতাকর্মীরা আরও বলেন, নতুন সদস্য সংগ্রহ অভিযান ও নিয়মিত কর্মসূচির মাধ্যমে দলকে আরও গতিশীল করা হবে এবং সাধারণ মানুষের পাশে থাকার প্রতিশ্রুতি অব্যাহত থাকবে।
পীরগঞ্জে আওয়ামী লীগের এ তৎপরতাকে স্থানীয় রাজনীতিতে নতুন উদ্দীপনা হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।








