বিশ্বকাপ মহারণে কাল প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ। প্রতিপক্ষ আফগানিস্তান। শনিবার বাংলাদেশ সময় সকাল এগারোটায় ধর্মশালায় গড়াবে লড়াই। ম্যাচটি সামনে রেখে বাংলাদেশ ক্রিকেট দলকে শুভ কামনা জানিয়েছে ফুটবলের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।
শুক্রবার সন্ধ্যায় আর্জেন্টিনা ফুটবল দলের অফিশিয়াল ফেসবুক পেজ থেকে পোস্টের মাধ্যমে টিম টাইগার্সকে শুভ কামনা জানায় মেসি-ডি মারিয়াদের পক্ষ থেকে।
কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা ফুটবল দলের প্রতি বাংলাদেশি সমর্থকদের উন্মাদনা দেশের গন্ডি পেরিয়ে পৌঁছেছিল সূদর আর্জেন্টিনা। বাংলাদেশি সমর্থকদের ভালোবাসায় সিক্ত হয়ে বিশ্বকাপ জয়ের কয়েকদিন পরই বাংলাদেশে দূতাবাস চালু করে বিশ্বচ্যাম্পিয়ন দলটি।
এবার বাংলাদেশের ক্রিকেট দলকে বিশ্বকাপের জন্য শুভ কামনা জানিয়েছে আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন। শুক্রবার সন্ধ্যায় করা পোস্টে মেসিদের একটি ছবির সঙ্গে তাসকিন আহমেদ ও বাংলাদেশি সমর্থকদের ছবি জুড়ে শেয়ার করে তারা। শিরোনামে লিখেছে, ‘আইসিসি বিশ্বকাপ-২০২৩ এ যাত্রায় বাংলাদেশ ক্রিকেট দলের প্রতি শুভ কামনা। চ্যাম্পিয়নদের উদ্দীপনায় আপনাদেরকেও বিজয়ের দিকে পরিচালিত করুন।’







