বাংলাদেশ-পাকিস্তানের মধ্যে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠকে একটি চুক্তি ও পাঁচটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে।
রোববার (২৪ আগস্ট) সকাল পৌনে ১০টার দিকে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে বৈঠক শেষে দুই দেশের মধ্যে চুক্তি ও সমঝোতা স্মারক সই হয়েছে।
দ্বিপাক্ষিক বৈঠকে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন, নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়ামসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন। পাকিস্তানের পক্ষে দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের নেতৃত্বে একটি প্রতিনিধি দল অংশ নেন।
সই হওয়া চুক্তি ও সমঝোতা স্মারকের মধ্যে রয়েছে- দুই দেশের অফিসিয়াল ও কূটনৈতিক পাসপোর্টধারীদের ভিসামুক্ত ভ্রমন বিষেয়ে চুক্তি; বাংলাদেশ-পাকিস্তানের মধ্যে বানিজ্য সংক্রান্ত জয়েট ওয়ার্কিং গ্রুপ গঠনে সমঝোতা সই। দুই দেশের ফরেন সার্ভিস একাডেমির মধ্যে সহযোগিতা; দুই রাষ্ট্রীয় বার্তা সংস্থার মধ্যে সহযোগিতা এবং বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের সঙ্গে পাকিস্তানের ইসলামাবাদ পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (আইপিআরআই) সহযোগিতা বিষয়ে সমঝোতা।
এছাড়াও একাত্তরের অমীমাংসিত ইস্যুগুলো এরইমধ্যে পাকিস্তান সমাধান করেছে বলেও দাবি করেছেন দেশটির উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী।
আজ সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করবেন ইসহাক দার। রাতে গুলশানে বিএনপি চেয়ারপাসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে যাবেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী।
উল্লেখ্য, এক যুগ পর এটি পাকিস্তানের কোনো পররাষ্ট্রমন্ত্রীর প্রথম ঢাকা সফর। দুই দিনের সরকারি সফরে শনিবার ঢাকায় এসে তিনি বিএনপি, জামায়াতে ইসলামী ও এনসিপির নেতাদের সঙ্গে বৈঠক করেছেন।








