প্রথমবার মেয়েদের এশিয়ান কাপে খেলছে বাংলাদেশ নারী ফুটবল দল। টানা দুই ম্যাচে হারের পর গ্রুপপর্বের শেষ ম্যাচে উজবেকিস্তানের মুখোমুখি হতে চলেছে পিটার বাটলারের দল। এই ম্যাচে জিতলে তৈরি হবে কোয়ার্টার ফাইনালে ওঠার সুযোগ। সেই লক্ষ্যে দৃঢ় সংকল্প নিয়ে মাঠে নামতে চায় পিটার বাটলারের দল।
এএফসি এশিয়ান কাপে ‘বি’ গ্রুপে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে উজবেকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। সোমবার পার্থে এইচবিএফ পার্কে বাংলাদেশ সময় বিকাল ৩টায় শুরু লড়াই।
১২ দলের টুর্নামেন্টে তিন গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলগুলো সরাসরি শেষ আটে যাবে। বাকি দুটি জায়গা পাবে গ্রুপে ‘তৃতীয়’ হওয়া তিন দলের মধ্যে সেরা দুটি দল। ‘বি’ গ্রুপ থেকে প্রথম দুটি ম্যাচ জিতে শেষ আট নিশ্চিত নয়বারের চ্যাম্পিয়ন চীন ও তিনবারের চ্যাম্পিয়ন নর্থ কোরিয়ার। বাকি দুদল উজবেকিস্তান ও বাংলাদেশ দুই ম্যাচেই হেরে পয়েন্টশূন্য। তবে গোল ব্যবধানে উজবেকিস্তান (-৬) তিনে ও বাংলাদেশ (-৭) চারে।
‘এ’ গ্রুপে স্বাগতিক অস্ট্রেলিয়া ও সাউথ কোরিয়ার শেষ আট নিশ্চিত। এদিকে ইরানকে হারিয়ে ৩ পয়েন্ট নিয়ে তিনে আছে ফিলিপিন্স। তাদের গোল ব্যবধান (-২)। আর শূন্য পয়েন্ট নিয়ে চারে আছে ইরান। সে দিক শেষ আটের দৌড়ে এখনও টিকে ফিলিপিন্স, তবে তাকিয়ে থাকতে হচ্ছে অন্যদের দিকে।
অন্যদিকে ‘সি’ গ্রুপে জাপান শীর্ষে থাকলেও শনিবার জাপানের কাছে ১১-০তে বিধ্বস্ত হয়ে ভারত প্রায় ছিটকে গেছে। ভারত তাদের শেষ ম্যাচে ১০ মার্চ চাইনিজ তাইপেকে হারালেও গোল ব্যবধানের কারণে বাদ পড়ার সম্ভাবনাই বেশি। আর একটি করে জয় ও পরাজয়ে সমান তিন পয়েন্ট নিয়ে আছে চাইনিজ তাইপে ও ভিয়েতনাম। এ পরিস্থিতিতে ‘সি’ গ্রুপ থেকেও তৃতীয় হওয়ার দৌড়ে টিকে আছে একটি দল।
এমন বাস্তবতায়, বাংলাদেশকে পরের রাউন্ডকে যেতে হলে, উজবেকিস্তানের সঙ্গে জয়ের বিকল্প নেই পিটার বাটলারের দলের। শুধু তাই নয়, ফিলিপিন্সকে পেছনে ফেলে সেরা তিনের দুই দল হতে হলে বাংলাদেশকে কমপক্ষে ৬ গোলের ব্যবধানে জিততে হবে। আর ‘সি’ গ্রুপের কোন দলকে পেছনে ফেলতে হলে বড় জয়ের সঙ্গে বাংলাদেশকে তাকিয়ে থাকতে হবে ভারত-চাইনিজ তাইপে এবং জাপান-ভিয়েতনাম ম্যাচের দিকে।

