মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ‘স্বাধীনতা এক অবিনাশী উচ্চারণ’ শিরোনামে বাংলা একাডেমির কবি ‘আল মাহমুদ লেখক কর্ণার’ মঞ্চে অনুষ্ঠিত হয়েছে মনোজ্ঞ আবৃত্তি পরিবেশনা ‘চিলেকোঠায় চিরকুট’।
সোমবার ৩০ মার্চ আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ লেখক পরিষদের সভাপতি, কবি ও গবেষক সৈয়দ মাজহারুল পারভেজ, বাংলা একাডেমির উপপরিচালক, কবি ও গবেষক ড.সাহেদ মমতাজ এবং সঙ্গীত গুরু ও বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনের শিল্পী জাবীর ইমাম খান শাহীসহ আবৃত্তি ও সঙ্গীত জগতের বিভিন্ন শিল্পীরা। অনুষ্ঠানটির মিডিয়া পার্টনার ছিল দোয়েল টিভি ও ইনিগ্মা।
অনুষ্ঠানের শুরুতে কবি ও গবেষক মনিরুজ্জামান রোহানের সদ্য প্রকাশিত কাব্যগ্রন্থ ‘নক্ষত্রের আর্তচিৎকার’নিয়ে আলোচনা এবং গ্রন্থ থেকে আবৃত্তি পরিবেশন করা হয়। পরবর্তীতে ‘চিলেকোঠায় চিরকুট’এর সঙ্গীতা খান, মাহী ফারহানা, শিরীণ বেবী ও অলিউর রহমান খানের সঞ্চালনায় সংগঠনের সদস্য ও অতিথিরা কবিতা ও গান পরিবেশন করেন।
আবৃত্তি পরিবেশন করেন তাহসীন রেজা, অনন্যা মাহমুদ, নাহিদা আশরাফী, জাহান বশীর, দিলরুবা খানম, মাসুদ মনিরুল, ফাহমিদা সূচনা, মনিরুজ্জামান রোহান, ইশরাত শিউলি, মেহবুবা হক রুমা, জামনুর স্বপ্না, ইসমত জাহানসহ আরও অনেকে।
বসন্তের বিকেলে কবিতা ও সঙ্গীতের মেলবন্ধনে প্রাণবন্ত হয়ে ওঠে বাংলা একাডেমির আল মাহমুদ লেখক কর্ণার, যা উপস্থিত দর্শক-শ্রোতাদের জন্য এক ভিন্নমাত্রার সাংস্কৃতিক আবহ তৈরি করে।








