বঙ্গবন্ধু সাফ চ্যাম্পিয়নশিপে সময়ের সেরাটা দেখিয়েছে বাংলাদেশ ফুটবল দল। ১৪ বছর পর খেলেছে প্রতিযোগিতাটির সেমিফাইনালে। দলের স্মরণীয় পারফরম্যান্সের জন্য জামাল ভূঁইয়াদের ৫০ লাখ টাকা বোনাস দিয়েছে বাফুফে। রোববার মোরসালিন-বিশ্বনাথদের হাতে পুরস্কারের অর্থ তুলে দিয়েছেন দেশের ফুটবলের অভিভাবক সংস্থার প্রধান কাজী সালাউদ্দিন।
রোববার দুপুরে বাংলাদেশ ফুটবল ফেডারেশন ভবনে আয়োজিত সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠানে খেলোয়াড়দের আলাদা আলাদা খামে অর্থ পুরস্কার তুলে দেয়া হয়। সাফে অংশ নেয়া প্রত্যেক ফুটবলার পেয়েছেন দেড় লাখ টাকা করে। সাফে দুর্দান্ত খেলা তিনজনকে আলাদাভাবেও অর্থ পুরস্কার দেয়া হয়েছে।
সেই তিন ফুটবলার হলেন শেখ মোরসালিন, সাফ সেরা গোলকিপার আনিসুর রহমান জিকো ও ডিফেন্ডার বিশ্বনাথ ঘোষ। মোরসালিন ও জিকোকে দেয়া হয় ১ লাখ টাকা করে। আর বিশ্বনাথ পেয়েছেন ৫ লাখ টাকা। তিনজনকেই ব্যক্তিগতভাবে পুরস্কৃত করেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন।
অর্থ পুরস্কার দেয়ার বিষয়ে বাফুফে সভাপতি বলেছেন, ‘আমার তেমন সামর্থ্য নেই। তাই খুব সামান্য অর্থ দিচ্ছি। তোমরা অবশ্যই এরচেয়ে বেশি ডিজার্ভ কর। আমার সামর্থ্য থাকলে অবশ্যই আরও বেশি দিতাম।’
‘বিশ্বনাথ নিজেই ঘোষণা দিয়েছিল দল সেমিফাইনালে জিতলে সে পাঁচ লাখ টাকা দেবে। এটা টিম স্পিরিটের অংশ। এরকম খেলোয়াড়ই আমার দরকার। তাকেও আমার পক্ষ থেকে সামান্য অর্থ পুরস্কার।’
‘এই টুর্নামেন্টে তোমরা দারুণ খেলেছ। আমি খুবই খুশি তোমাদের উপর। আমরা মানসম্পন্ন ফুটবল যে খেলতে পারি, সেটা দেখাতে পেরেছি। দুটি ম্যাচ আমরা হেরেছি। তবে ভালো খেলেছি। দল যাওয়ার আগে অনেকে অনেক কথা বলেছিল। তবে আমি আত্মবিশ্বাসী ছিলাম। যখন আমার বাসায় কোচসহ জামাল-তপুরা এসেছিল, তাদের বলেছিলাম- ম্যাচের আগেই হেরো না। ওরা আমাকে কথা দিয়েছে এবং সেরকমই খেলেছে।’ বলেন করেন কাজী সালাউদ্দিন।








