অনুশীলনের সময় স্পেনের তিনবারের ব্যালন ডি’অর জয়ী তারকা আইতানা বনমাতির পায়ের হাড় ভেঙেছে। রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ) নিশ্চিত করেছে তার ফিবুলা ভেঙেছে। উয়েফা নেশনস লিগে জার্মানির বিপক্ষে বিশ্বকাপজয়ী তারকাকে পাওয়া যাবে না।
২৭ বর্ষী বনমাতি আপাতত বার্সেলোনায় ফিরে যাবেন। ক্লাবে তার আরও পরীক্ষা-নিরীক্ষা করা হবে এবং জানা যাবে ঠিক কতদিন মাঠের বাইরে থাকতে হবে। যদি অস্ত্রোপচারের প্রয়োজন না হয়, তবে দুমাসের মধ্যে ফিরতে পারবেন। অস্ত্রোপচার লাগলে ফেরার সময়ও দীর্ঘ হবে।
বনমাতির চোটের খবর এসেছে স্পেনের গুরুত্বপূর্ণ সময়ে। দুদিন পর জার্মানির বিপক্ষে নামতে হবে লা রোজাদের, খেলা অ্যাটলেটিকো মাদ্রিদের মেট্রোপলিটানো স্টেডিয়ামে। প্রথম লেগের দেখায় গোলশূন্য ড্র করেছিল দুদল।
মৌসুমে এপর্যন্ত সব প্রতিযোগিতা মিলে ১৫ ম্যাচ খেলেছেন বনমাতি। ৬ গোলের পাশপাশি ৪টি অ্যাসিস্ট আছে। বছর শেষের আগে বার্সেলোনাকে এখনও পাঁচটি ম্যাচে নামতে হবে, যার মধ্যে চ্যাম্পিয়ন্স লিগের দুটি ম্যাচ রয়েছে।
বার্সেলোনা অবশ্য লিগা এফ এবং চ্যাম্পিয়ন্স লিগে ভালো অবস্থায় আছে। ১২ ম্যাচ শেষে ৩৩ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সার মেয়েরা। ৪ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে মেয়েদের চ্যাম্পিয়ন্স লিগেও শীর্ষে কাতালুনিয়ান মেয়েরা।








