মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে খেলার আশা পূরণ হয়েছে মেয়েদের। ভারতের বিপক্ষে দারুণ পারফরম্যান্সে টিম টাইগ্রেস দেশের সেরা মাঠে খেলাটাকে অর্থবহ করেছেন। এবার গ্যালারি ভরা দর্শকের সামনে ওয়ানডে সিরিজ জিতে পূর্ণতার আশায় বাংলাদেশ দল।
শনিবার মিরপুরে ভারতের বিপক্ষে শিরোপা নির্ধারণী অর্থাৎ, অঘোষিত ফাইনাল খেলতে মাঠে নামবে নিগার সুলতানা জ্যোতির দল। তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ ও দুই ওয়ানডেতে দেখা গেছে গ্যালারিতে কিছু সংখ্যক দর্শক। যদিও সাধারণ দর্শকের চেয়ে বাংলাদেশের খেলোয়াড়দের আত্মীয়-স্বজনরাই ছিলেন বেশি।
এবার সিরিজ নির্ধারণী ম্যাচ হওয়ায় বেশি দর্শক প্রত্যাশা করছে বাংলাদেশ দল। ম্যাচের আগেরদিন সংবাদ সম্মেলনে জাতীয় দলের অভিজ্ঞ লেগস্পিনিং অলরাউন্ডার ফাহিমা খাতুন বলে গেলেন সেটি।
‘দেখেন, কালকে যেহেতু নির্ধারণী ম্যাচ। বোর্ডের কাছে আমাদের সবসময় চাওয়া ছিল, আমরা মিরপুর স্টেডিয়ামে খেলব। তারা আমাদের আশা পূরণ করেছেন, আমাদের কথা রেখেছেন। তৃতীয় টি-টুয়েন্টি জেতার পর আমরা দেখেছি, প্রথম ওয়ানডেতে অনেক দর্শক এসেছে। আমি আশা করব, কালকে যেহেতু সিরিজ নির্ধারণী ম্যাচ, অনেক দর্শক হবে এবং আমরা দর্শকদের একটা আশানুরূপ ফল দিতে পারব’








