বাংলাদেশের ব্যাডমিন্টনের অন্যতম সেরা আম্পায়ার নাজিব ইসমাইল রাসেল। ভারতের গুয়াহাটিতে একটি আন্তর্জাতিক ব্যাডমিন্টন প্রতিযোগিতা চালাতে গিয়েছিলেন তিনি। সেখানেই মারা গেছেন ৫২ বর্ষী এই আম্পায়ার। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
সাবেক জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন ও ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক জোবায়েদুর রহমান রানা আম্পায়ার রাসেলের মৃত্যু সম্পর্কে বলেছেন, ‘ভারতের গৌহাটিতে একটি আন্তর্জাতিক সিরিজ চলছিল। রাসেল বিশ্ব ব্যাডমিন্টনের প্যানেলের আম্পায়ার হওয়ায় ম্যাচ পরিচালনা করতে গিয়েছিল। আজ তার ম্যাচ ছিল। কোর্টে যখন সে আসছিল না তখন আয়োজকরা হোটেলে যায়। রুম ধাক্কার পরও না খোলায় দরজা ভাঙা হয়। তখন তারা দেখেন রাসেল আর নেই।’
বাংলাদেশের ব্যাডমিন্টনে বেশ পরিচিত মুখ রাসেল। বিশ্ব ব্যাডমিন্টন ফেডারেশনের তিনি প্যানেলভুক্ত আম্পায়ার। আম্পায়ারিংয়ের পাশাপাশি ফেডারেশনের বর্তমান নির্বাহী কমিটিরও সদস্য তিনি। ব্যাডমিন্টন নিয়ে তার অনেক পড়াশোনা।
ধারণা করা হচ্ছে স্ট্রোক বা হার্ট অ্যাটাকে মারা গেছেন রাসেল। তিনি বিশেষ কোনও রোগে আক্রান্ত ছিলেন না বলেও জানা যায়। তার মরদেহ ফেডারেশনে আনার চেষ্টা করা হচ্ছে।








