আওয়ামী লীগের আমলে ১০৪ জনকে গুম করে হত্যার অভিযোগে সাবেক সেনা কর্মকর্তা ও এনটিএমসির সাবেক মহাপরিচালক জিয়াউল আহসানের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ থেকে শুরু হচ্ছে। প্রথম সাক্ষী হিসেবে জবানবন্দি দেবেন সাবেক সেনা প্রধান ইকবাল করিম ভূইয়া।
সাক্ষ্যগ্রহণ শুরু হওয়ার আগে প্রসিকিউশন মামলার প্রেক্ষাপট তুলে ধরে সূচনা বক্তব্য প্রদান করবে। এরপর এক নম্বর সাক্ষীর জবানবন্দি গ্রহণের মাধ্যমে মূল সাক্ষ্যগ্রহণের প্রক্রিয়া শুরু হবে।
ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদার নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এই সাক্ষ্যগ্রহণ পরিচালনা করবেন। গত ১৪ জানুয়ারি জিয়াউল আহসানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের তিনটি সুনির্দিষ্ট অভিযোগে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল।
অভিযোগে বলা হয়, জিয়াউলের বিরুদ্ধে আনা প্রথম অভিযোগটি ২০১১ সালের ১১ জুলাইয়ের। ওই রাতেই গাজীপুরের পুবাইলে তার সরাসরি উপস্থিতিতে সজলসহ চারজনকে হত্যা করার অভিযোগ রয়েছে।
দ্বিতীয় অভিযোগটি ২০১০ থেকে ২০১৩ সালের মধ্যবর্তী সময়ের। এ সময় বরগুনার পাথরঘাটা উপজেলার বলেশ্বর নদীর মোহনায় নজরুল ও মল্লিকসহ ৫০ জনকে হত্যা করার দায় তার ওপর চাপানো হয়েছে।
তৃতীয় অভিযোগটিও একই ধরনের, যেখানে আরও ৫০ জনকে হত্যার তথ্য উল্লেখ করা হয়েছে।








