রাজধানীর বসিলায় ডাম্প ট্রাকের ধাক্কায় সেলিম (৩৫) নামে সিএনজিচালিত অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। এছাড়া এ ঘটনায় আহত হয়েছেন চালকসহ আরও পাঁচজন।
শনিবার (২৩ সেপ্টেম্বর) সকাল পৌনে ৭টার দিকে হাজারীবাগ থানাধীন বসিলা ব্রিজের ঢালে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে নিহত হন ওই যাত্রী। আর আহতদেরকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে (ঢামেক) নেওয়া হয়।
আহতরা হলেন- মারফিয়া আক্তার (১৮), মারুফা বেগম (৪২), রানি বেগম (৪০), সালমা আক্তার (২২) ও চালক ইয়ার হোসেন (৪২)।
হাজারীবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) গোলাপ উদ্দিন জানান, সকালে বসিলা ব্রিজের ঢালে ডাম্প ট্রাকটি অটোরিকশার সামনের দিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন। আহত হন অটোরিকশার চালক, যাত্রীসহ পাঁচজন। পথচারীরা তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
তিনি আরও জানান, ঘটনার পর ডাম্প ট্রাকের চালক পালিয়ে গেছেন। তবে ট্রাক এবং অটোরিকশাটি জব্দ করে পুলিশ হেফাজতে রাখা হয়েছে।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া চ্যানেল আই অনলাইনকে বলেন: সকালের এই দুর্ঘটনায় একজন মারা গেছেন। আহত হয়েছেন পাঁচজন। মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।








