আল আমিন খান:
বাগেরহাটের রামপাল মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্ল্যান্টে কর্মরত ৯ জন ভারতীয় কর্মকর্তা কর্তৃপক্ষের কোনো অনুমতি ছাড়াই গোপনে বাংলাদেশ ত্যাগ করেছেন। নিরাপত্তাহীনতার কথা উল্লেখ করে তারা দেশ ছেড়েছেন বলে জানা গেলেও, এমন ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে প্ল্যান্ট কর্তৃপক্ষ।
শনিবার (২৪ জানুয়ারি) সকালে ওই কর্মকর্তাদের অনুপস্থিত দেখে বিষয়টি তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে অবহিত করা হয়েছে।
অনুমতি ছাড়াই দেশত্যাগ করা কর্মকর্তারা হলেন— ন্যাশনাল থার্মাল পাওয়ার করপোরেশন (এনটিপিসি) থেকে প্রেষণে রামপাল মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্ল্যান্টে কর্মরত জেনারেল ম্যানেজার (জিএম) প্রতিম বর্মণ, জিএম বিশ্বজিৎ মণ্ডল, জিএম এন. সুরায়া প্রকাশ রায়, এজিএম কেশবা পালাকি, ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) সুরেশ কান্ত মন্দেকার, ডিজিএম সুরেন্দ্র লম্বা, এজিএম পাপ্পু লাল মিনা, ডিজিএম অরিন্দম সাহা এবং সিএফও ইমানুয়েল পনরাজ দেবরাজ।
রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) আনোয়ারুল আজিম বলেন, সকালে ডাইনিংয়ে তাদের না পেয়ে খোঁজ নিয়ে জানতে পারি, তারা কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই ভারতে চলে গেছেন। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। কী কারণে তারা এভাবে দেশ ত্যাগ করলেন, তা গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।
ঘটনাটি প্রকল্প পরিচালক রামানাথ পুজারীকে অবহিত করা হলে তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেন। এ সময় তারা ‘নিরাপত্তাহীনতা’র অজুহাতে বাংলাদেশ ত্যাগ করেছেন বলে জানান। দুপুরের দিকে ভোমরা স্থলবন্দর দিয়ে তারা ভারতে প্রবেশ করেছে বলে নিশ্চিত হয়েছেন কর্তৃপক্ষ।
সংশ্লিষ্টরা জানান, রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র এলাকায় সেনাবাহিনী, পুলিশ, আনসারসহ চার স্তরের কঠোর নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। এমন নিরাপত্তা ব্যবস্থার মধ্যেও কোনো ধরনের অভিযোগ বা উদ্বেগ প্রকাশ না করে এবং দায়িত্ব বুঝিয়ে না দিয়ে হঠাৎ বাংলাদেশ ত্যাগ করায় বিষয়টি রহস্যজনক বলে মনে করছেন কর্তৃপক্ষ। চলে যাওয়ার আগে তারা নিরাপত্তা সংক্রান্ত কোনো অভিযোগও করেননি বলে জানানো হয়েছে।








