টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের লড়াইটা যেন সাউথ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার পেসারদের মাঝে। প্রথম দিনের মতো দ্বিতীয় দিনেও আগুন ঝরিয়েছেন দুদলের পেসরারা। দুই দিনই ১৪টি করে উইকেট তুলে নেয়ার স্বাক্ষী হয়েছে লর্ডস। পেসারদের দাপটের ম্যাচে দ্বিতীয় দিন শেষে ২১৮ রানে এগিয়ে অস্ট্রেলিয়া। বাকি আছে আর ২ উইকেট।
প্রথম দিনে কাগিসো রাবাদার ফাইফারের পর দ্বিতীয় দিনে দাপট দেখিয়েছেন অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স। অজি অধিনায়ক তুলে নিয়েছেন ৬ উইকেট। ২৮ রানে ৬ উইকেট নিয়েছেন কামিন্স। যা লর্ডসে ১৪১ বছরের টেস্ট ইতিহাসে কোনো অধিনায়কের সেরা বোলিং। একইসঙ্গে অস্ট্রেলিয়ার ষষ্ঠ পেসার ও অষ্টম বোলার হিসেবে টেস্ট ক্যারিয়ারে ৩০০ উইকেট পূর্ণ করেছেন ৩২ বর্ষী ক্রিকেটার। অধিনায়ক হিসেবে কামিন্স এই নিয়ে ৯ বার পাঁচ উইকেটের স্বাদ পেলেন। এখানে তার ওপরে আছেন কেবল ইমরান খান (১২)। কামিন্সের সমান ৯ বার পেয়েছেন রিচি বেনো।
লর্ডসে টসে হেরে আগে ব্যাটে নামে অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে ২১২ রানে গুটিয়ে যায় তারা। জবাবে নেমে প্রোটিয়াদের প্রথম ইনিংস থামে ১৩৮ রানে। ৭৪ রানের লিড নিয়ে ব্যাটে নেমে ৮ উইকেটে ১৪৪ রান তুলে দ্বিতীয় দিন শেষ করেছে অস্ট্রেলিয়া। ২১৮ রানে লিড নিয়ে তৃতীয় দিন শুরু করবেন ১৬ রান করা মিচেল স্টার্ক ও ১ রান করা নাথান লায়ন।
৪ উইকেটে ৪৩ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করে প্রোটিয়ারা। মধাহ্ন বিরতির কিছুক্ষণ পরই ১৩৮ রানে গুটিয়ে যায় সাউথ আফ্রিকার প্রথম ইনিংস। প্রথম ইনিংসে প্রোটিয়া ব্যাটারদের মধ্যে ৪৫ রান করেন ডেভিড বেডিংহ্যাম। ৩৬ রান আসে অধিনায়ক টেম্বা বাভুমার ব্যাট থেকে। এছাড়া রায়ান রিকেলটন ১৬ এবং কাইলে ভেরেইনা ১৩ রান করেন।
অজি বোলারদের মধ্যে কামিন্সের ৬ উইকেটের পাশাপাশি মিচেল স্টার্ক নেন ২ উইকেট। জশ হ্যাজেলউড উইকেট নেন একটি।
৭৪ রানে এগিয়ে থেকে ব্যাটে নেমে অজিদের ভুগতে হয়েছে বেশ। রাবাদা ও লুনগি এনগিদি তোপে ৭৩ রানে ৭ উইকেট হারায় বর্তমান চ্যাম্পিয়ন দলটি। অষ্টম উইকেটে অ্যালেক্স ক্যারি ও মিচেল স্টার্ক নিয়ে যোগ করেন ৬১ রান। ৫০ বলে ৪৩ রানে ক্যারি ফিরে জুটি ভাঙে। পরে নাথান লায়নকে নিয়ে দিন শেষ করেন স্টার্ক।
অজি ব্যাটারদের মধ্যে ক্যারি ও স্টার্ক ছাড়া দুই অঙ্কের ঘরে পৌঁছেছেন কেবল দুজন। মার্নাস লাবুশেন ২২ রানে এবং স্টিভেন স্মিথ ১৬ রানে ফিরে যান।
প্রোটিয়া দুই পেসার এনগিদি ও রাবাদা নেন তিনটি করে উইকেট। এছাড়া মার্কো জানসেন ও উইয়ান মুল্ডার নেন একটি করে উইকেট।








