দ্য হানড্রেডে চোট পেয়েছিলেন জশ বাটলার। অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজে খেলতে পারছেন না। ওয়ানডে সিরিজে দলে থাকলেও ফেরা হচ্ছে না ইংল্যান্ড অধিনায়কের। অজিদের বিপক্ষে ওয়ানডেতে ইংল্যান্ডকে নেতৃত্ব দেবেন হ্যারি ব্রুক। প্রথমবার জাতীয় দলের নেতৃত্বে দেখা যাবে ব্রুককে।
গত জুলাইয়ে চোট পেয়েছেন ইংলিশদের সাদা বলের নিয়মিত অধিনায়ক বাটলার। অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজে নেই সেরে না ওঠায়। ফিল সল্টের নেতৃত্বে খেলছে ইংল্যান্ড। ওয়ানডে দলে ছিলেন, তবে চোট থেকে পুরোপুরি সেরে না ওঠায় বাদ পড়েছেন। বাটলার বাদ পড়ায় দলে ফিরেছেন লিয়াম লিভিংস্টোন।
বৃহস্পতিবার নটিংহ্যামে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজে প্রথমটিতে মুখোমুখি হবে ইংল্যান্ড-অস্ট্রেলিয়া। বাকি ম্যাচগুলো ভিন্ন চারটি ভেন্যুতে গড়াবে ২১, ২৪, ২৭ ও ২৯ সেপ্টেম্বর।
অস্ট্রেলিয়ার বিপক্ষে ইংল্যান্ডের ওয়ানডে দল: হ্যারি ব্রুক (অধিনায়ক), লিয়াম লিভিংস্টোন, জফরা আর্চার, জ্যাকব বেথেল, ব্রাইডন কার্স, বেন ডাকেট, জশ হাল, উইল জ্যাকস, ম্যাথু পটস, আদিল রশিদ, ফিল সল্ট, জেমি স্মিথ, রিস টপলে, জর্ডান কক্স, অলি স্টোন ও জন টার্নার।







