সিরিজজুড়েই ভারতের হয়ে দুর্দান্ত বোলিং করেছেন জাসপ্রীত বুমরাহ। সিডনি টেস্টে রোহিত শর্মার পরিবর্তে দলকে নেতৃত্ব দিচ্ছিলেন। বিপদ হয়ে এলো চোটে। শেষ টেস্টের দ্বিতীয় দিনের মাঝপথে মাঠ ছেড়ে হাসপাতালে নেয়া হয়েছে ৩১ বর্ষী পেসারকে।
শনিবার দ্বিতীয় দিনের সকালে টানা বোলিং করেছেন বুমরাহ। দ্বিতীয় সেশনের শুরুতে এক ওভার বোলিং করার পর অস্বস্তিতে ভোগেন। তখন মাঠ ছাড়েন। পরে অধিনায়কের দায়িত্ব সামলেছেন বিরাট কোহলি।
এরপর বুমরাহ স্টেডিয়াম ছেড়ে একজন সাপোর্ট স্টাফের সঙ্গে গাড়িতে করে বের হয়ে যান। খবর আসে, তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পায়ের চোটের স্ক্যান করতে গেছেন। এই টেস্টে তিনি আর বোলিং করতে পারবেন কিনা নিশ্চিত নয়।
সিডনি টেস্টে শুক্রবার টসে জিতে ব্যাটে নামে ভারত। প্রথমদিনে সব উইকেট হারিয়ে ১৮৫ রানে অলআউট হয় বুমরাহ বাহিনী। ভারতের পক্ষে সর্বোচ্চ ৪০ রানের ইনিংস খেলেন রিশভ পান্ট। জবাবে নিজেদের প্রথম ইনিংসে ১৮১ তুলতে পারে স্বাগতিক অস্ট্রেলিয়া।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত দ্বিতীয় ইনিংসে নেমে ১৭ ওভারে ৪ উইকেট হারিয়ে ৮৫ রান তুলেছে ভারত। এখন পর্যন্ত সফরকারীদের লিড দাঁড়িয়েছে ৮৯ রানের।








