টি-টুয়েন্টি বিশ্বকাপে বুধবার সকালে হেসেখেলে নামিবিয়াকে হারিয়েছে অস্ট্রেলিয়া। বিধ্বংসী বোলিং করেছেন অজিদের লেগ স্পিনার অ্যাডাম জাম্পা। বিশ্বমঞ্চে নতুন রেকর্ডও গড়েছেন তিনি। টি-টুয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ উইকেটের মালিক এখন জাম্পা।
বিশ্বকাপে আগে অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ উইকেট নেয়ার রেকর্ড ছিল বাঁহাতি পেসার মিচেল স্টার্কের। ২২ ম্যাচ খেলে ২৯ উইকেটে সর্বোচ্চের মালিক ছিলেন তিনি। স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে নামিবিয়ার বিপক্ষে ১২ রানে ৪ উইকেট নিয়ে যা ছাড়িয়ে গেছেন জাম্পা।
জাম্পার উইকেট সংখ্যা এখন ৩১। এ ম্যাচ খেলার আগে বিশ্বকাপে তার উইকেট সংখ্যা ছিল ২৭টি। তারকা স্পিনার স্টার্কের চেয়েও কম ম্যাচ খেলেছেন । ১১.৯৩ গড়ে ১৭ ম্যাচে কীর্তি গড়েছেন, ইকোনোমি ৫.৯৬। তার সেরা বোলিং ফিগার ১৯ রানে ৫ উইকেট।








