পদত্যাগ করেছেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। ব্যক্তিগত অসুবিধার কারণ দেখিয়ে আজ বুধবার (৭ আগস্ট) রাষ্ট্রপতি বরাবর তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন।
পদত্যাগপত্রে তিনি অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ‘অ্যাটর্নি জেনারেল হিসেবে নিযুক্ত হওয়ার পর অত্যন্ত আন্তরিকতা ও নিষ্ঠার সাথে আমার দায়িত্ব পালনের চেষ্টা করেছি এবং যথাসাধ্য চেষ্টা করেছি। কিন্তু, আমার ব্যক্তিগত অসুবিধার কারণে, এখন আমি বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল হিসেবে আমার দায়িত্ব পালন করার অবস্থানে নেই। তাই আমি অবিলম্বে পদত্যাগ করছি।’
২০২০ সালের ৮ অক্টোবর এ এম আমিন উদ্দিন বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পান। ১৯৮৯ সালের ২৮ অক্টোবর সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন এ এম আমিন উদ্দিন।
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি আমিন উদ্দিন দুই মেয়াদে সমিতির সম্পাদক ছিলেন। তিনি প্রয়াত অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের জুনিয়র সহকর্মী হিসেবে কাজ করেছেন। মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় আমিন উদ্দিন জন্মগ্রহণ করেন।








