শুক্রবার (১৯ সেপ্টেম্বর) মাত্র ৫২ বছর বয়সে সিঙ্গাপুরে মারা গেছেন ভারতের জনপ্রিয় গায়ক জুবিন গার্গ। স্কুবা ডাইভিং করার সময় এক দুর্ঘটনায় তিনি প্রাণ হারান। তার এই অকালপ্রয়াণ যেন স্তদ্ধ করে দিয়েছে গোটা সংগীত ইন্ডাস্ট্রিকে।
শুধু তাই নয়, জুবিনের অনুরাগীরাও শোকস্তব্ধ। প্রিয় গায়কের প্রয়াণে শোকাতুর আসাম রাজ্যও। মূলত জন্মসূত্রে জুবিন আসামের ছেলে। আর সেই কারণেই, জুবিনের প্রতি শ্রদ্ধা জানাতে বিশেষ পদক্ষেপ নিয়েছে আসাম সরকার।
আসাম সরকারের তরফ থেকে ঘোষণা করা হয়েছে, শনিবার (২০ সেপ্টেম্বর) যে সমস্ত বিদ্যালয়ের দ্বি-বার্ষিক পরীক্ষা ছিল, সেগুলি স্থগিত করা হবে। যতক্ষণ না, যতদিন না জুবিন গার্গের শেষকৃত্য সম্পন্ন হচ্ছে, ততদিন পর্যন্ত স্থগিতই থাকবে পরীক্ষা।
জুবিন গার্গের শেষকৃত্য ‘সম্ভবত’ আসামেই হবে, বলছে ভারতীয় মিডিয়া। সিঙ্গাপুরে মৃত্যু হয়েছে জুবিনের। তার মৃতদেহ নিয়ে আসা হবে আসাম। সেখানেই হবে তার শেষকৃত্য। ততদিন অবধি ছাত্রছাত্রীদের দ্বি-বার্ষিক পরীক্ষা স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
জুবিন গার্গের জন্ম মেঘালয়ের তুরায়। আসামের একটি ব্রাহ্মণ পরিবারে জন্ম তার। বাবা ছিলেন মোহিনী মোহন বড়ঠাকুর আর মা ছিলেন লিলি বড়ঠাকুর। ক্যারিয়ারের একেবারে শুরুর দিকে তিনি নিজের পদবি বদলে, করে নিয়েছিলেন মেটা। সেই সময়ে তিনি জুবিন মেটা বলেই পরিচিত ছিলেন।
পরবর্তীকালে নিজের গোত্র গার্গ-কে তিনি পদবী হিসেবে ব্যবহার করতে শুরু করেন। জুবিনের বাবা ছিলেন একজন ম্যাজিস্ট্রেট। পাশাপাশি কপিল ঠাকুর নাম নিয়ে কবিতা ও গান লিখতেন তার বাবা। জুবিনের মা, প্রয়াত লিলি বড়ঠাকুর ছিলেন একজন সঙ্গীতশিল্পী। ফলে গান ছিল তার রক্তে। জুবিন নিজেও গান ভালবাসতেন অল্প বয়স থেকেই। –এবিপি লাইভ ডটকম








